চাঁদপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে বৃহস্পতিবার গভীর রাতে একটি লঞ্চ থেকে ১২ মন জাটকা আটক করেছে কোস্টগার্ড।
এ সময় কাউকে আটক করা যায়নি বলে কোস্টগার্ড জানিয়েছে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. মো. জহুরুল হক বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে সুরেশ্বরগামী এমভি কেয়া-১ নামের লঞ্চটি চাঁদপুরের মেঘনা মোহনা অতিক্রমকালে অভিযান চালানো হয়।
দুপুরে এসব জাটকা শহরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় বলে এই কর্মকর্তা জানান।
ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল এই দু’মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় সকল প্রকার মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ। এরমধ্যে চাঁদপুরে রয়েছে ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৬ ঘ.
bdnews24