গাইবান্ধা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মনজুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে ইউএনও’র অফিস সহকারীকে পেটানোর অভিযোগ এসেছে।
উপজেলা পরিষদের উদ্যোগে স্বাধীনতা দিবস পালনের আমন্ত্রণপত্র দিতে গেলে বৃহস্পতিবার তিনি এই ঘটনা ঘটান বলে তার বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার বাদি আহত আব্দুর রশিদ সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছেন।
সুন্দরগঞ্জ থানার ওসি এস এম ফারুক হোসেন সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১১টার দিকে আব্দুর রশিদ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দিতে মনজুরুল ইসলাম লিটনের বাড়ি যান।
তিনি আমন্ত্রণপত্র নিলেও প্রাপ্তিস্বীকারপত্রে স্বাক্ষর না দেওয়ায় তা করতে বলায় আওয়ামী লীগ নেতা চড়াও হন বলে রশিদের অভিযোগ।
ওসি বলেন, প্রাপ্তিস্বীকারপত্রে স্বাক্ষর না দেওয়া ছাড়াও রশিদ অনুষ্ঠানের অনুদান হিসেবে ১০ হাজার টাকা দিতে বললে মনজুরুল ক্ষিপ্ত হয়ে অফিস সহকারীকে চড় থাপ্পর মারলে তার নাক ফেটে যায়।
এই ঘটনায় বিকালে অফিস সহকারী রশিদ বাদি হয়ে মনজুরুলসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
সুন্দরগঞ্জের ইউএনও দেলোয়ার হোসেন এই ঘটনার সত্যতা স্বীকার করলেও অনুদান চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি এখানে নতুন এসেছি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সবকিছু তদারক করছেন উপজেলা ভাইস চেয়ারম্যান।”
এই বিষয়ে যোগাযোগ করা হলে আওয়ামী লীগ সভাপতি মনজুরুল সাংবাদিকদের বলেন, “আমন্ত্রণপত্র দেওয়ার পর সে (রশিদ) জানায়, অনুষ্ঠান খরচের জন্য ইউএনও স্যার ১০ হাজার টাকা চাঁদা চেয়েছেন।
“এতে অস্বীকৃতি জানালে সে আমার সঙ্গে খারাপ আচরণ করে। এ কারণে আমি ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় মেরেছি।”
তবে চাঁদা চাওয়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন রশিদ।।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩২২ ঘ.
bdnews24