ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় সৌদি দূতাবাসের এক কর্মকর্তা নিহত হওয়ার পর সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে সোমবার রাতে সৌদি আরব গেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
তিনি আগামী বুধবার মার্চ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল আল-সৌদের সঙ্গে দেখা করার কথা।
সোমবার দিনে দীপু মনি সাংবাদিকদের বলেন, “এর আগে আপনাদের বলেছিলাম, হামবুর্গ থেকে ফেরার পথে আমি সৌদি আরব যেতে পারি।
“কিন্তু সৌদি পররাষ্ট্রমন্ত্রী তার দেশে না থাকায় এ সাক্ষাতের দিন ২১ মার্চ ঠিক করা হয়।”
চলতি মাসে ঢাকায় সৌদি দূতাবাসের এক কর্মকর্তা দুষ্কৃতির গুলিতে নিহত হওয়ার ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপে সৌদি আরবের ঢাকা দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় ‘সন্তুষ্ট’ বলে এ সময় উল্লেখ করেন দীপু মনি।
গত ৬ মার্চ রাজধানীর গুলশানের বাসভবনের কাছে গুলিবিদ্ধ হন সৌদি আরবের ঢাকা দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোর ৫টায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হত্যাকাণ্ডের পরপর সরকারের প্রতি দাবি জানায় সৌদি আরব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/০০৫৮ ঘ.
bdnews24