নাটোর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে এক যুবলীগ কর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহত রবিউল ইসলাম ওরফে রবি (২৮) শহরের চৌধুরী বড়গাছার এলাকার প্রয়াত আব্দুর রহমান ঢালীর ছেলে।
রোববার রাত ৮টার দিকে কয়েকজন অপরিচিত যুবক রবিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত পৌনে ৯টার দিকে শহরতলীর রামাইগাছীতে তার লাশ পাওয়া যায়।
নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, রাত ১০টার দিকে রবির ভাই আব্দুল আজিজ লাশ শনাক্ত করেন।
পরে লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা প্রথমে তাকে ছুরিকাঘাত করে। পরে তার শরীরে পেট্রোল ঢেলে পোড়ানোর চেষ্টাও করে।
নাটোরের পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি সাংবাদিকদের বলেন, হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে।
নাটোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, রবি যুবলীগের একজন কর্মী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24