২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপারেশন সুন্দরবন: ৫ ‘বনদস্যু’ নিহত

বাগেরহাটের শরণখোলায় বনদস্যুদের বিরুদ্ধে হেলিকপ্টার নিয়ে র‌্যাবের এক ‘বিশেষ’ অভিযানে পাঁচজন নিহত হয়েছেন। জানাচ্ছেন সুন্দরবনে র‌্যাব দলের সঙ্গে থাকা কামাল হোসেন তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 05:36 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম প্রতিবেদক বাগেরহাট, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা এলাকায় সুন্দরবনের বনদস্যুদের বিরুদ্ধে হেলিকপ্টার নিয়ে এক বিশেষ অভিযান চালিয়েছে র‌্যাব, যাতে সোহাগ ও জিহাদ বাহিনীর প্রধানসহ পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। র‌্যাবের প্রায় দেড়শ সদস্য শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শরণখোলার মরাভোলা খাল এলাকায় এই অভিযান শুরু করেন। বনের মধ্যে ঘণ্টাখানেক গোলাগুলি চলার পর কর্মকর্তারা পাঁচটি লাশ উদ্ধারের খবর দেন। তারা বলছেন, সুন্দরবনের শরণখোলা, সাতক্ষীরা, চাঁদপাই ও খুলনা রেঞ্জে মোট ছয়টি সন্ত্রাসী দল সক্রিয়। এরা সমুদ্রগামী মাছ ধরার ট্রলার আটকে জেলে অপহরণের পর মুক্তিপণ আদায় করে এবং বিভিন্নভাবে দস্যুবৃত্তি চালায়। এই অভিযান ‘কাছ থেকে’ দেখানোর জন্য ঢাকা থেকে প্রায় ২০জন গণমাধ্যমকর্মীকে সঙ্গে করে নিয়ে যায় র‌্যাব। আইনশৃঙ্খলা রক্ষার এই ‘এলিট’ বাহিনীর অতিরিক্তি মহা পরিচালক কর্নেল মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা গোপন সূত্রে জানতে পারি, সুন্দরবনের বনদস্যু সোহাগ, জিহাদ ও গামা বাহিনীর সদস্যরা একজোট হয়ে কর্মকাণ্ড পরিচালনার জন্য সকালে মরাভোলা খালে মিলিত হচ্ছে। এ খবরের ভিত্তিতেই অভিযান শুরু করি আমরা।” প্রথমে র‌্যাবের একটি দল মরাভোলা খাল এলাকার জঙ্গলে প্রবেশ করে। এরপর যায় আরেকটি দল। তৃতীয় এবং শেষ দলটি সাংবাদিকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সবার শেষে। এ সময় র‌্যাবের হেলিকপ্টারটি জঙ্গলের ওপরে উড়তে থাকে। মজিবুর রহমান জানান, প্রথমে হেলিকপ্টারের মাধ্যমে জঙ্গলে দস্যুদের অবস্থান সনাক্ত করেন তারা। তারপর এলাকাটি ঘিরে এগোতে শুরু করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি শুরু করে। এতে দুই পক্ষের মধ্যে শুরু হয় বন্দুকযুদ্ধ। গোলাগুলি থামার পর সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাব কর্মকর্তারা জানান, তারা বনের ভেতরে বিভিন্ন স্থানে পাঁচটি লাশ পেয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের ১১টি আগ্নেয়াস্ত্র ও গুলি। এরপর র‌্যাব সদস্যদের সঙ্গে নিয়ে গণমাধ্যমের কর্মীরা জঙ্গলের ভেতরে বনদস্যুদের ‘আস্তানা’ দেখতে যান। সেখানে গাছের নিচে তিনটি ঝুপরি ঘর দেখা যায়, যেগুলোর উপরের অংশ ছিল পলিথিনে ছাওয়া। এছাড়া একটি গাছে মাচা বেঁধে অয়্যারলেসের এন্টেনা বসানো আছে দেখা যায়। পাশের খালে দেখা যায় একটি ইঞ্জিনচালিত নৌকা বাঁধা আছে। র‌্যাব কর্মকর্তরা বলছেন, জিহাদ বা সোহাগ বাহিনী এই এলাকাকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতো। সাগরে বা অন্য স্থানে থাকা দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হতো অয়্যারলেসের মাধ্যমে। প্রয়োজনে নৌকা নিয়ে চলে যেতো বনের যে কোনো প্রান্তে। র‌্যাবের পরিচালক (ইন্টেলিজেন্স) জিয়াউল আহসান বলেন, “আমরা বেশ কিছু দিন ধরেই এই দলের ওপর চোখ রাখছিলাম। নৌকার মাঝি, কাকড়া ব্যবসায়ী সেজে এদের ওপর চোখ রাখছিলেন র‌্যাব সদস্যরা।” ‘ তারা ছিল সুন্দরবনের ত্রাস’ র‌্যবের অভিযান এবং বনদস্যু নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকা থেকে বহু মানুষ ছুটে আসে লাশ দেখতে। তাদের সহযোগিতা নিয়ে নিহতদের সনাক্ত করে স্থানীয় পুলিশ। শরণখোলা থানার এসআই মো. ইকবাল হোসেন জানান, নিহত পাঁচজন হলেন- সোহাগ বাহিনীর প্রধান সোহাগ ফরাজি, তার সহযোগী মো. বেলাল ও আসাদুল বয়াতি এবং জিহাদ বাহিনীর প্রধান মো. জিহাদ ও তার সহযোগী আল আমীন। তাদের বাড়ি বাগেরহাটের শরণখেলার জলহাট এলাকায়। এসআই ইকবাল বলেন, “হত্যা, ডাকাতি ও অপহরণের অভিযোগে সোহাগ, আল আমীন ও আসাদুল বয়াতির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে জিহাদ ও বেলালের নামে শরণখোলা থানায় কোনো মামলা নেই।” এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই পুলিশ সদস্য বলেন, “এরা এতোটাই র্দুর্ধষ যে তাদের নামে কেউ মামলা করারও সাহস পায়নি।” ঘটনাস্থলে উপস্থতি নৌকার মাঝি আব্দুর রহমান জানান, তার বাড়ি বরগুনার চর দুরানি গ্রামে। দেড় মাস আগে সোহাগ বাহিনী তাকে ধরে নিয়ে যায়। এর ১০ দিনের মাথায় দেড় লাখ টাকার বিনিময়ে মুক্তি পান তিনি। “তারা ছিল সুন্দরবনের ত্রাস। তাদের কারণে আমরা শান্তিতে থাকতে পারি নাই”, বলেন রহমান। পাঁচ বছরে র‌্যাবের হাতে নিহত ৩১ বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, গত পাঁচ বছরে সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩১ জন বনদস্যু নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৩ জনকে। শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে গত পাঁচ বছরে ২৪ বার অভিযান চালিয়েছে র‌্যাব। এসব অভিযানে মুক্তিপণের জন্য অপহৃত ১০ জেলেকে উদ্ধার হয়েছে। এছাড়া দেশি-বিদেশি ১৮২টি আগ্নেয়াস্ত্রসহ দুই হাজার ২৬৪ রাউন্ড গোলাবারুদও উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/জেকে/১৭৩৫ ঘ.