ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় এক পোশাক শ্রমিক তার সাবেক স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত সুমি আক্তার (২০) তেজগাঁও সেফাল গার্মেন্টে কাজ করতেন। বুধবার দুপুর দেড়টার দিকে তেজগাঁও বলাকা মোড়ে তিনি তার সাবেক স্বামী মানিকের হামলার শিকার হন।
সুমির সহকর্মী মোতালেব ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, দুপুরের খাবার খাওয়ার জন্য সুমি পায়ে হেঁটে দক্ষিণ কুনিপাড়ার বাসায় ফিরছিলেন। বলাকার মোড়ে পৌঁছানোর পর মানিক তাকে ছুরি মারে।
এ সময় সুমির চিৎকারে অন্য গার্মেন্ট কর্মীরা এসে মানিককে ধরে পেটাতে শুরু করলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
মোতালেব ও বাবু নামের দুই পোশাক শ্রমিক দুপুর ২টার দিকে সুমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি ওমর ফারুক বলেন, “২০১০ সালের এপ্রিল মাসে সুমি ও মানিকের বিয়ে হয়েছিলো। এর তিন মাসের মাথায় মানিককে তালাক দেন সুমি।”
তাদের দুইজনের বাড়িই নরসিংদীর শিবপুরে। সুমি ঢাকায় কাজ করলেও মানিক গ্রামের বাড়িতে থাকতেন।
ময়নাতদন্তের জন্য সুমির লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৭৫৫ ঘ.
bdnews24