নড়াইল, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়ায় দাম্পত্য কলহ নিয়ে সালিশ বৈঠকের পর বাড়ি ফেরার পথে স্ত্রীর চাচাত ভাইকে কুপিয়ে হত্যা করেছেন শ্বশুরবাড়ির লোকজন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে লোহাগড়ার মোল্যার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম খান (২৫) উপজেলার তালবাড়িয়া গ্রামের হিরু খানের ছেলে। এ ঘটনায় শ্বশুর অলিয়ার মোল্যাকে (৫০) আটক করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রকিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, তালবাড়িয়া গ্রামের মুসা খানের মেয়ে পলি খানমের (২১) সঙ্গে প্রায় এক বছর আগে গোপালগঞ্জের দুর্গাপুর গ্রামের আলিয়ার মোল্যার ছেলে আনিস মোল্যার (৩২) বিয়ে হয়। শুরু থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিলো।
বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকেলে লোহাগড়া ব্র্যাক কার্যালয়ে সালিশ বৈঠক হয়। তবে মীমাংসা ছাড়াই বৈঠক শেষ হয়।
বৈঠক শেষে ফেরার পথে মোল্যার মাঠ এলাকায় আনিস ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী পলি খানমের পক্ষের লোকজনের ওপর হামলা চালালে পলির চাচাতো ভাই ইব্রাহিম খানসহ সাতজন আহত হন। আহতদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এ পর্যন্ত থানায় মামলা হয়নি বলে ওসি আব্দুর রকিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/২০৩০ ঘ.
bdnews24