২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাস চালাতে বাধা দিচ্ছে আ. লীগ’

বিএনপির মহাসমাবেশের আগের দিন আওয়ামী লীগ নেতাকর্মীদের চাপেই ঢাকায় বাস চলাচল বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ এসেছে, যার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশের আগের দিন আওয়ামী লীগ নেতাকর্মীদের চাপেই ঢাকায় বাস চলাচল বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ এসেছে, যার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। রোববার সকাল থেকে রাজধানীতে গাড়ি চলাচল খুব কম। ফলে সকালে বেরিয়ে অফিস ও স্কুল-কলেজগামীরা পড়েন বিড়ম্বনায়। কিছু বাস চললেও তাতে উঠা ছিল দুঃসাধ্য। হরতালের সময় সরকারি সংস্থা বিআরটিসির গাড়ি চলাচল করলেও এবার তার সংখ্যাও নগন্য। গাবতলী-যাত্রাবাড়ী রুটের এক বাসকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি দলের নেতা-কর্মীরা তাদের বাস বন্ধ করে দিয়েছে। দুপুরে গাবতলীতে গিয়ে দেখা যায় হাজার হাজার মানুষ, কিন্তু বাস নেই। দূরপাল্লার বাস শনিবার রাত থেকে বন্ধ হয়ে গেলেও নিকটগামী বাসগুলো চলছিল। রোববার দুপুর থেকে তাও চলছিল না। গাবতলী থেকে সাভার, নবীনগর ও ধামরাইগামী বাস না চলায় এইসব গন্তব্যগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। সিএনজি অটোরিকশায় জনপ্রতি ১০০ টাকা করে অনেককে সাভার যেতে দেখা যায়। সরোয়ার হোসেন নামে গাবতলী-সায়েদাবাদ রুটের এক বাসচালকের সহকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বাস বের করেছিলাম। কিন্তু টেকনিক্যালে কয়েকটি গাড়ি শ্রমিক লীগ নেতাকর্মীরা ভেঙে দেয়। বেশ কিছু বাস আটকে নিয়েও গেছে। এরপর থেকে বাস বন্ধ।” মিরপুর থেকে এয়ারপোর্টগামী বেঙ্গল পরিবহনের ১ নম্বর কাউন্টারের ব্যবস্থাপক মো. হায়দার বলেন, তাদের তিনটি বাস উত্তরায় ভাংচুর হলে তারা বাস চালানো বন্ধ করে দেন। শনিবার থেকে দূরপাল্লার বাস বন্ধেও সরকারি দলের নেতা-কর্মীদের চাপ ছিল বলে ইঙ্গিত দেন বিভিন্ন বাসের কাউন্টারের লোকজন। বাস মালিকরা বলছেন, সংঘাতের আশঙ্কা এবং পুলিশের রিকুইজিশন আতঙ্কে সবাই বাস নামাচ্ছেন না। উত্তরাঞ্চলগামী এসআই এন্টারপ্রাইজের কল্যাণপুরের কাউন্টার ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, “টিকিট বিক্রিতে নিষেধ আছে। সবই তো বোঝেন।” বাসের মতো সদরঘাটে কয়েকটি লঞ্চ এলেও সেগুলোকে ঘাটে ভিড়তে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। দুপুরে গুলিস্থানের পাশের ফুলবাড়িয়া এলাকায় ৩ নম্বর রুটের (গুলিস্থান-নিউ এয়ারপোর্ট) অনেক বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেলও একটিও ছাড়ছিল না। কয়েকজন চালকের সঙ্গে কথা বলা হলে তারা জানান, বাস চলবে না। এত যাত্রী থাকার পরও কেন চলবে না- তা জানতে চাইলে উত্তর এড়িয়ে যান চালকরা। বিএনপি অভিযোগ করেছে, তাদের সমাবেশে জনসমাগম ঘটতে না দেওয়ার উদ্দেশ্য থেকে বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে সরকার। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেছেন, বাস না চলার জন্য সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেটি/এমআই/১৬৩৩ ঘ.