খাগড়াছড়ি, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহনে চাঁদাবাজি বন্ধ ও চালকদের নিরাপত্তার ব্যবস্থা করা না হলে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে খাগড়াছড়ির পরিবহন নেতারা।
রোববার দুপুরে জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ জেলা প্রশাসককে দেওয়া এক স্মারকলিপিতে ১৮ মার্চ থেকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দেয়।
স্মারকলিপিতে পরিবহন নেতারা চাঁদাবাজির জন্য পার্বত্য জেলার বিবাদমান দুটি আঞ্চলিক রাজনৈতিক দলকে দায়ী করেছেন।
শুক্রবার খাগড়াছড়ি-পানছড়ি সড়কে দুর্বৃত্তরা চাঁদার দাবিতে একটি চাল বোঝাই ট্রাক আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এর প্রতিবাদে শনিবার খাগড়াছড়ি ব্যবসায়ী সমাজ ও সড়ক পরিবহন মালিক-শ্রমিকরা জেলা সদরে অর্ধদিবস হরতাল ও পূর্ণদিবস সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব কে এম ইসমাইল হোসেন জানান, চাঁদাবাজির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবেই জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে।
সমন্বয় পরিষদের আহ্বায়ক মাহবুবুল আলম জানান, ১৭ মার্চের মধ্যে প্রশাসন পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে কোন ব্যবস্থা না নিলে ১৮ মার্চ থেকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করা হবে।
স্মারকলিপি দেওয়ার সময় জেলা ট্রাক চালক সমবায় সমিতির সভাপতি মনোতোষ ধর, সাধারণ সম্পাদক আবুল বসর, ট্রাক মিনি ট্রাক মালিক গ্রুপের সভাপতি হাজি আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক মো. কাসেম, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন সাহা, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশ, খাগড়াছড়ি জিপ মালিক সমিতির সভাপতি আবুল হাসেম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৫৮ ঘ.
bdnews24