সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশের একদিন আগে ঢাকার সড়কে গাড়ি চলাচল তুলনামূলক কম হওয়ায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে রাজধানীবাসীকে।
রোববার সকাল থেকে সড়কগুলোতে বাস কম দেখা যাচ্ছে। বাস মালিকরা বলছেন, সংঘাতের আশঙ্কা এবং পুলিশের রিকুইজিশন আতঙ্কে সবাই বাস নামাচ্ছেন না।
ফলে সকালে অফিস ও স্কুল-কলেজ যাত্রীরা পড়েন ভোগান্তিতে। কিছু বাস চললেও তাতে উঠা ছিল দুঃসাধ্য।
মিরপুর-১, ১০, ১১, কল্যাণপুর, গাবতলী, শ্যামলী, মোহাম্মদপুর, মহাখালী, ফার্মগেট, উত্তরা, বনানী, ঢাকার সবগুলো রাস্তাতেই ছিল বাসের সঙ্কট।
সকাল ৭টা থেকে মিরপুর ১ নম্বরে দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাননি ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা সালাউদ্দিন পারভেজ (৩২)। “শেষে কিছুটা রিকশায় এবং কিছুটা হেঁটে অফিসে পৌঁছেছি,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
তবে মিরপুর-১১ থেকে সোহানা ইয়াসমিন (২৫) বাসের অভাবে তার কাকরাইলের অফিসেই যেতে পারেননি।
মোহাম্মদপুর থেকে গার্মেন্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ফাইকুজ্জামান (৩২) বাসের অভাবে সাভারের কারখানায় যেতে পারেননি বলে জানিয়েছেন। অন্যদিকে সাভারের রোকসানা (২৯) গাড়ির অভাবে তার মতিঝিলের অফিসে আসতে পারেননি।
এভাবে অনেকেই রিকশা, টেম্পু ও হেঁটে অফিসে যেতে হয়েছে। অনেকে অফিস বাদ দিয়েছেন।
হরতালের দিনগুলোতে সরকারি প্রতিষ্ঠান বিআরটিসির গাড়ি চললেও, রোববার সকালে বিআরটিসির গাড়িও নগন্য সংখ্যকই দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিসির এক কর্মী জানান, ভাংচুরের আশঙ্কায় বিআরটিসির গাড়িগুলো ডিপো থেকে বের হয়নি।
মিরপুর-মতিঝিল রুটের বিকল্প অটো পরিবহনের সুপারভাইজার মোস্তাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের বেশিরভাগ গাড়িই পুলিশ রিকুইজিশন করে নিয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করে বাকি গাড়ির অধিকাংশই সড়কে নামেনি।
দুপুরে গুলিস্থানের পাশের ফুলবাড়িয়া এলাকায় ৩ নম্বর রুটের (গুলিস্থান-নিউ এয়ারপোর্ট) অনেক বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেলও একটিও ছাড়ছিল না। কয়েকজন চালকের সঙ্গে কথা বলা হলে তারা জানান, বাস চলবে না।
বাসের জন্য ওই রুটের অনেক যাত্রীকে দুপুরেও অপেক্ষায় থাকতে দেখা যায়।
গাবতলী থেকে ধামরাই, সাভার ও নবীনগর রুটের লোকাল বাসগুলো ছাড়েনি। সেখান থেকেও কোনো বাস ঢাকার উদ্দেশ্যে আসেওনি।
ঢাকার সঙ্গে দূরপাল্লার অধিকাংশ রুটের বাস চলাচল সকাল থেকে বন্ধ রয়েছে। সুনির্দিষ্ট করে না বললেও এজন্য সরকারের চাপের কথাই ইঙ্গিতে বলেছেন বাস মালিকরা।
বরিশালগামী ঈগল ও সাকুরার পরিবহনের গাবতলীর কাউন্টারকমী ফারুক ও জামান জানান, শনিবার রাতে বরিশাল থেকে তাদের কোনো বাস ঢাকার পথে ছাড়েনি। তারা জানান, বরিশাল থেকে কোনো পরিবহনের বাস রোববার ও সোমবার ঢাকায় আসবে না।
ফরিদপুরের একটি বাসের কাউন্টারকমী মোবারক জানান, সেখান থেকে দুটি পরিবহনের বাস রোববার ঢাকায় এলেও বেশিরভাগ গাড়ি আসেনি। সোমবার কোনো গাড়ি আসবে না।
এদিকে সদরঘাটের চেহারাও ছিল অনেকটাই ফাঁকা। ঢাকার বাইরের অনেকগুলো রুটের লঞ্চ রোববার ঢাকা আসেনি। সকালে দুটি লঞ্চ এলেও পুলিশ সেগুলো টার্মিনালে ভিড়তে না দেওয়ায় যাত্রীরা পড়েন বিপদে। লঞ্চমালিকরা জানিয়েছেন, পুলিশ বেশ কয়েকটি লঞ্চ রিকুইজিশন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেটি/এমআই/১৪৪০ ঘ.
bdnews24