নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্ড ফ্লুর ভাইরাস খামার থেকে বাজারে ছড়িয়ে পড়া রোধে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মুরগির বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর কথা বললেও ঢাকার বাজারগুলোতে এ ধরনের অভিযান শুরু হয়নি।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) স¤প্রতি জানিয়েছে, বার্ড ফ্লু আক্রান্ত মুরগি ঢাকার বাজারে চলে আসছে এবং তা থেকে তিন শ্রমিকের দেহে সংক্রমিত হয়েছে এই রোগ। বিষয়টি জানার পর তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক করে এবং বাজারগুলো জীবানুমুক্ত করতে আহ্বান জানিয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি প্রথম ঢাকার দক্ষিণাঞ্চলের একটি বাজারে মুরগির আড়তের এক কর্মীর দেহে সংক্রমণ হয়। ওই কর্মী ছাড়া গত এক সপ্তাহে বার্ড ফ্লু আক্রান্ত আরো দুই জন মুরগি বাজারের কর্মীকে সনাক্ত করে প্রতিষ্ঠানটির গবেষকরা।
এভিয়েন ইনফ্লুয়েঞ্জা, যা এইচ-ফাইভ এন-ওয়ান ভাইরাসের কারণে হয়ে থাকে, বার্ড ফ্লু নামে পরিচিত। এই ভাইরাস পাখি থেকে মানবদেহে সংক্রমিত হয়।
বৃহস্পতি ও শুক্রবার ঢাকার কাঁচাবাজারগুলো ঘুরে দেখা যায়, সিটি করপোরেশন বাজারগুলো জীবানুমুক্ত করতে কোনো পদক্ষেপ নেয়নি। নোংরা ও অপরিষ্কার মেঝেতেই কর্মীরা মুরগি জবাই ও কাটাকাটি করছে।
গুলিস্তানের কাপ্তান বাজারের একটি মুরগির দোকানের কর্মী হেমায়েত উদ্দিন বলেন, “সিটি করপোরেশন থেকে কেউ আসেনি। আমরা নিজেরাই পরিষ্কার করছি।”
যাত্রাবাড়ী কিচেন মার্কেটের এক মুরগির দোকানের কর্মী বলেন, দোকানে বার্ড ফ্লুর জীবানু ছড়িয়ে পড়া রোধে কোনো প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি। দোকান মালিক তাকে কোনো নির্দেশনাও দেননি।
বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কারিগরি উপদেষ্টা তাম ইয়ামাগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সবসময়ই কর্তৃপক্ষকে কাঁচাবাজার জীবানুমুক্ত করতে পরামর্শ দিয়েছেন।
“বার্ড ফ্লুর ভাইরাসমুক্ত করার জন্য বাজার জীবানুমুক্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহে কমপক্ষে একবার তা করা উচিত।”
বাংলাদেশে মুরগি কেনাবেচার ধরণ বদলানো কঠিন। তাই তিনি জবাইখানাগুলোতে পয়োনিষ্কাশনের ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দেন তিনি।
আইইডিসিআর জ্যেষ্ঠ বিজ্ঞানি ড. এম মুশতাক হোসেন বাংলাদেশের মুরগির বাজারগুলোয় জবাই ও কাটাকাটির করার প্রক্রিয়াকে ‘বিপজ্জনক’ আখ্যায়িত করে বলেন, “আমাদের এটা থামানো উচিত।”
ওয়ান হেলথ বাংলাদেশের কোঅর্ডিনেটর নিতিশ চন্দ্র দেবনাথও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কাঁচাবাজার পরিষ্কারে এখনই এগিয়ে আসা উচিত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আবদুল্লাহ-আল-হারুন বলেন, সিটি করপোরেশন রোববার থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে।
মন্ত্রণালয়ে বৃহস্পতিবার এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। তবে কেন এ অভিযান শুরু হতে দেরি হলো তা তিনি জানাননি।
বাংলাদেশে মানবদেহে প্রথম বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ে ২০০৮ সালের মে মাসে। গত বছর দুজনের দেহে এই ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়।
বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এইচ-ফাইভ এন-ওয়ানে আক্রান্তের সংখ্যা ৫৯২, এর মধ্যে মারা গেছেন ৩৪৯ জন।
সংস্থাটির ইনফ্লুয়েঞ্জা বিশেষজ্ঞ ড. এএসএম আলমগীর জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে এইচফাইভএনওয়ান ভাইরাস মহামারি আকারে ছড়ানোর সম্ভবনা রয়েছে বলে তারা এখনও মনে করছেন।
“তাই দেশগুলোর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। জবাইখানার কর্মীদের মুরগি জবাই ও কাটার সময় মুখোশ, দস্তানা পড়তে হবে।”
তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন সভায় এ নিয়ে আলোচনা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকার একটি দুটি বাজারে পরীক্ষামূলকভাবে এ নিয়ে উদ্যোগ নিতে পারত।
২০০৭ সালে বাংলাদেশে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার পর ২০ লাখ মুরগি নিধন করা হয়েছে।
জাতিসংঘ গত বছরই বাংলাদেশে বার্ড ফ্লুর পুনরায় সংক্রমণের বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল।
আইইডিসিআর বার্ড ফ্লু সংক্রমণ এড়াতে ডিম ধুয়ে নিতে এবং মুরগি ও ডিম ভালোভাবে সিদ্ধ করে খাওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া জবাইয়ের পর মুরগির বর্জ্য যেখানে সেখানে না ফেলতে বলা হচ্ছে। কাঁচা মাংস ধরার পর সাবান হাত দিয়ে ধুয়ে ফেলতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/১৬৫৩ ঘ.
bdnews24