২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অপহৃত দুই ছাত্রকে উদ্ধারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের অপহৃত দুই ছাত্রকে উদ্ধারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে প্রায় আধা ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখে। এদিকে অবরোধ কর্মসূচির পর ক্যাম্পাসে ‘ইবি ছাত্র সমাজের’ ব্যানারে সমাবেশ চলাকালে বাসে হামলায় দুই শিক্ষক আহত হয়েছেন। প্রশাসনিক ভবনের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। আহত দুই শিক্ষক হলেন- ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষক ড. রেজাউল করিম ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সুধাংশু কুমার বিশ্বাস। ইবি ছাত্র সমাজের আহ্বায়ক কমিটির সদস্য মো. জামিরুল ইসলাম বলেন, আগামী ১২ মার্চের মধ্যে অপহৃতদের খোঁজ না পাওয়া গেলে পরদিন থেকে ধর্মঘট পালন করা হবে। এদিকে শিক্ষার্থীদের এ আন্দোলনকে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অপকৌশল বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুল আরফিন। তিনি বলেন, “আন্দোলনের নামে তারা গাড়ি ভাঙচুর করছে। শিক্ষকদের ওপর হামলা করছে। এ ব্যাপারে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” গাড়ি ভাঙচুর ও শিক্ষক আহত হওয়ার ঘটনায় আইন ও মুসলিম বিধান বিভাগের শিক্ষক ড. শাহজাহান মণ্ডলকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন বলেন, “আন্দোলনের নামে কোনো প্রকার বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” গত ৪ ফেব্র“য়ারি হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে ঢাকা থেকে কুষ্টিয়া আসার পথে আল-ফিকহ বিভাগের ছাত্র আল-মুকাদ্দাস ও দাওয়াহ বিভাগের ছাত্র ওয়ালীউল্লাহকে ধরে নিয়ে যাওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, সাভারের নবীনগরে বাস পৌঁছার পর ডিবি পুলিশ ও র‌্যাব তাদের ধরে নিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৮২৮ ঘ.