২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মার্চেও বিমান ওঠা-নামা স্বাভাবিক থাকবে বিমানবন্দরে’

মার্চ মাসের অধিকাংশ সময় জুড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজ চলার সময় উড়োজাহাজ ওঠা-নামায় কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্চ মাসের অধিকাংশ সময় জুড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজ চলার সময় উড়োজাহাজ ওঠা-নামায় কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রমের আওতায় বিমান ওঠা-নামার কাজে ব্যবহৃত ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস)-এর যন্ত্রপাতি মেরামত ও উন্নয়নের জন্য ৭ মার্চ দুপুর থেকে ৩১ মার্চ দুপর পর্যন্ত আইএলএস বন্ধ রাখা হবে। এসময়ে বিমানবন্দরে ভেরি হাই ফ্রিকোয়েন্সি ওমনি-ডিরেকশনাল রেডিও রেঞ্জ (ভিওআর), ডিসট্যান্স মেজারিং ইক্যুইপমেন্ট (ডিএমই), রাডার এবং নন-ডিরেকশনাল রেডিও বিকন (এনডিআর) ব্যবহারের মাধ্যমে উড়োজাহাজ ওঠা-নামার ব্যবস্থা করা হয়েছে। ফলে উড়োজাহাজ ওঠা-নামায় কোনো অসুবিধা হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান বিমানবন্দর। এখান থেকে প্রতিদিন গড়ে ১৫০টির মতো ফ্লাইট ওঠানামা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএম/পিডি/২০৪০ ঘ.