২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগ পরীক্ষা নিয়ে আশা ভবনে ভাংচুর

বেসরকারি সংস্থা আশার দুটি পদে নিয়োগ পরীক্ষায় ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে রাজধানীর শ্যামলীতে আশা বিশ্ববিদ্যালয়ে ভাংচুর করেছে চাকরি প্রত্যাশীরা। এ সময় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ৫জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 07:22 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি সংস্থা আশার দুটি পদে নিয়োগ পরীক্ষায় ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে রাজধানীর শ্যামলীতে আশা বিশ্ববিদ্যালয়ে ভাংচুর করেছে চাকরি প্রত্যাশীরা। এ সময় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ৫জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আশার নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কয়েক হাজার প্রার্থী শুক্রবার সকালে শ্যামলীর আশা টাওয়ার ও পেছনের মাঠে জড়ো হন। ৮টা থেকে তাৎক্ষণিক এ নিয়োগ পরীক্ষা শুরুর পর ১০টার দিকে শুরু হয় বিশৃঙ্খলা। এক পর্যায়ে পরীক্ষার্থীরা ভবনের কাচ, জানালা ও আসবাবপত্র ভাংচুর শুরু করে। ঠাকুরগাঁও থেকে আসা পরীক্ষার্থী ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,সকালে তারা আসার পর পরীক্ষা ফি বাবদ ৫০টাকা আর দরখাস্ত নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। তবে তিনিসহ অনেকেই টাকা দিয়ে ভুয়া প্রবেশপত্র পেয়েছেন বলে অভিযোগ করেন ফারুক। আশার পরিচালক (অ্যাকাউন্টস) তৌফিকুল ইসলাম চৌধুরী বলেন, “ক্ষুদ্র ঋণ কর্মসূচির লোন অফিসার ও লোন অ্যাসিসট্যান্ট পদে তাৎক্ষণিক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পাঁচ বিভাগ থেকে আজ পরীক্ষার্থীরা এসেছিলেন। কিন্তু প্রার্থীর সংখ্যা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।” আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফয়জার রহমান জানান, তিনশ’ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও একজন পরীক্ষার্থীর সঙ্গে অন্তত চার জন করে আত্মীয়-বন্ধু আসেন। এছাড়া প্রার্থীরা সবাই একসঙ্গে পরীক্ষা দিতে চাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রার্থীরা বিশ্ববিদ্যালয় ভবনের দুই দিকে ভাংচুর শুরু করলে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়। আশা ভবনের সামনে মিরপুর রোড এবং পেছনে খিলজি রোড এলাকায় এই সংঘর্ষ ছড়িযে পড়ে। ১১টার দিকে পুলিশ এসে কয়েক দফা লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। কিন্তু এরপরও খিলজি রোড ও বাবর রোডে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। দফায় দফায় এই সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতে রড ও লাঠি দেখা যায়। এ সময় আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খিলজি রোড এলাকার কয়েকটি বাড়ির জানালার কাচ এবং গাড়ি ভাংচুর করলে এলাকাবাসীও উত্তেজিত হয়ে ওঠে। পরে পুলিশ এসে এই পরিস্থিতি নিয়ন্ত্রন করে। মোহাম্মদপুর থানার ওসি মাহামুদুল ইসলাম বেলা সাড়ে ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি এখন শান্ত। আশা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাদের দুইজন পুলিশ সদস্য আহত হয়েছে।” আশা কর্মকর্তা ফয়জার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ হাজার খানেক প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়েছে। কিন্তু এরপর বিশৃঙ্খলার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৬ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যায়ক্রমে বিভাগীয় কার্যালয়ে বাকিদের পরীক্ষা নেওয়া হবে।” প্রার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “পরীক্ষা ফি বাবদ এই টাকা নেওয়া হয়েছে। ভুয়া প্রবেশপত্রের যে অভিযোগ এসেছে তাও সঠিক নয়।” সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের অন্তত তিন শিক্ষার্থী আহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সুইজারল্যান্ডের সাময়িকী ‘দ্য গ্লোবাল জার্নাল’র বিচারে বিশ্বের সেরা একশ বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) মধ্যে বাংলাদেশের আশার অবস্থান ৩২তম। আশার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত এ সংস্থার কাছ থেকে ক্ষুদ্রঋণ গ্রহীতার সংখ্যা ছিল প্রায় ৪০ লাখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/জেকে/১৩১০ ঘ.