চট্টগ্রাম, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দনাইশ উপজেলার হাশিমপুর গ্রামের ছিদ্দিক আহম্মদের ছেলে মোস্তাক আহম্মেদ (৩৫) ও পটিয়া উপজেলার রশিদাবাদ গ্রামের আবদুস শুক্কুর চৌধুরীর ছেলে মুরাদুল আলম ওরফে পিপলু (২৮)।
নগরীর স্টেশন রোড ও নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় মঙ্গল ও বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ী নুরুল আলমকে (৪৫) উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার রাতে নগরীর কোতয়ালী মোড় থেকে রেয়াজুদ্দিন বাজারের ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়।
অপহরণকারীরা তার স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা দাবি করে না পেলে তাকে মেরে ফেলার হুমকিও দেয়।
নুরুল আলমের স্ত্রী বিষয়টি পুলিশকে অবহিত করলে মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে স্টেশন রোড থেকে মুরাদকে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে রাত দেড়টার দিকে নতুন ব্রিজ সংলগ্ন একটি বাসা থেকে মোস্তাককে গ্রেপ্তার করা হয়।
ওই ঘর থেকে অপহৃত ব্যবসায়ী নুরুল আলমকে উদ্ধার করা হয়।
এই অপহরণে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২১৬ ঘ.
bdnews24