২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একশ’ টাকার জন্য প্রাণ গেল লঞ্চযাত্রীর

ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চে স্ত্রী, সন্তান ও ভাইকে নিয়ে বাড়ি ফিরছিলেন দিনমজুর আবদুল হকু হাওলাদার। তবে তার আর বাড়ি ফেরা হয়নি। টিকিটের পুরো টাকা দিতে না পারায় লঞ্চ শ্রমিকদের মারধরে নিহত হন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

বরগুনা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চে স্ত্রী, সন্তান ও ভাইকে নিয়ে বাড়ি ফিরছিলেন দিনমজুর আবদুল হকু হাওলাদার। তবে তার আর বাড়ি ফেরা হয়নি। টিকিটের পুরো টাকা দিতে না পারায় লঞ্চ শ্রমিকদের মারধরে নিহত হন তিনি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কালিকাপুর ঘাটে এমভি মশিরন খান লঞ্চে এ ঘটনা ঘটে। নিহত হকু হাওলাদার (৬৫) বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ভোড়া গ্রামের বাসিন্দা। ঢাকায় তিনি দিনমজুরি করতেন। লঞ্চ শ্রমিকদের মারধরে আহত তার ছেলে মতিয়ুর রহমানকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। র‌্যাব-৮ এর ডিএডি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লঞ্চটি বরগুনা ঘাটে আসার পর সন্ধ্যায় লঞ্চের তিন কর্মচারীকে আটক করা হয়েছে। তারা হলেন, আরিফ (৩৩), আলামিন (২২) ও টিপু বিশ্বাস (২৮)। নিহতের স্ত্রী সেতারা বেগম জানান, তিনি, স্বামী, ছেলে ও দেবর আশ্রাব আলী বুধবার বিকেলে ঢাকা থেকে এমভি মশিউর খান লঞ্চে ওঠেন। তাদের চার জনের ভাড়া ১২শ’ টাকা হলেও সঙ্গে টাকা না থাকায় ১১শ’ টাকা দিতে চান তার স্বামী। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে লঞ্চ কর্মচারীদের মারধরে পড়ে গিয়ে স্বামী হকু হাওলাদার মারা যান। অবশ্য আটক কর্মচারীরা যাত্রীদের মারধরের কথা অস্বীকার করেছেন। বেতাগী থানার ওসি নূরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনা শুনে আমি নিহতের বাড়িতে এসেছি। স্বজনদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে মামলা করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২১১৬ ঘ.