ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রানীনগর উপজেলায় দোররা মারার ঘটনায় আসামিদের জামিনের নথি তলব করেছে হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
আগামী ৮ মার্চের মধ্যে নওগাঁর মুখ্য বিচারিক হাকিমকে হাই কোর্টে নথি পাঠাতে বলা হয়েছে। জামিনে থাকা আসামিদের জামিন বাতিলে আবেদন করতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ৮ মার্চ এ মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক মাহবুবুর রহমানকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
ওই ঘটনায় এক গৃহবধূ ও তার স্বামীর বন্ধুকে দোররা মারার অভিযোগে গত ২২ ফেব্রুয়ারি ওসিসহ পাঁচ জনকে তলব করেছিল হাই কোর্ট।
আদালতের তলবে রানীনগর থানার ওসি শাহরিয়ার খান, স্থানীয় একটি মাদ্রাসার প্রধান নূর আলম, গ্রাম্য মাতবর আজিজুল হক, মোফাজ্জল হোসেন ও আফজাল হোসেন হাজির হন।
শুনানি শুরুর পর আদালত ওই ঘটনায় ওসির ব্যাখ্যা জানতে চায়। এ সময় তার আইনজীবী শ ম রেজাউল করিম আদালতে বলেন, ঘটনার সময় ওসি ছুটিতে ছিলেন। থানায় ছিলেন তদন্তকারী কর্মকর্তা মাহবুবুর রহমান।
এই সময় আদালত কাঠগড়ায় দাঁড়ানো চার জনকে আদালত থেকে বের হলেই ওসিকে গ্রেপ্তার করতে বলেন।
তখন রেজাউল করিম বলেন, এই চার জনই জামিনে আছেন। ঘটনার পরে দায়ের করা মামলার ১২ জন আসামির সবাই জামিন নিয়েছেন।
দৈনিক প্রথম আলোতে গত ২২ ফেব্রুয়ারি বুধবার ‘জরিমানার টাকায় ভূরিভোজ! গৃহবধূ ও তার স্বামীর বন্ধুকে ১০১ দোররা’ শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি আমলে নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত আদালত আদেশ দেয়।
ওই প্রতিবেদনে বলা হয়, নওগাঁর রানীনগর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর স্বামীর বন্ধু স্বামীর অনুপস্থিতিতে তার ঘরে গেলে দুই জনের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলেন গ্রাম্য মাতবর আফজল হোসেন। পরদিন সালিশ বৈঠকে গৃহবধূ ও যুবককে দোররা মারা হয়।
এছাড়া জরিমানা হিসেবে যুবকটির কাছ থেকে সাড়ে চার হাজার টাকা ও গৃহবধূর কাছ থেকে ৫০০ টাকা আদায় করে তা দিয়ে ভূরিভোজ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬৫৩ ঘ.
bdnews24