নয়া দিল্লি, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর-পূর্ব ভারতে অংশীদারিত্বে ভিত্তিতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
নয়া দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই কথা জানান।
তিনি বলেন, জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার সম্ভাবনাগুলো নিয়ে দুই দেশই কাজ করছে।
“অরুণাচল ও সিকিম প্রদেশে জলবিদ্যুৎ প্রকল্পে এবং ত্রিপুরায় তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা অংশ নিতে চাই,” বলেন হাইকমিশনার।
মিজোরামে একটি ছোট জলবিদ্যুৎ প্রকল্পে অংশগ্রহণের সম্ভাব্যতা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
তারিক করিম বলেন, “বাংলাদেশ যদি এগিয়ে যায়, তবে উত্তর-পূর্ব ভারতও এগোবে। আর উত্তর-পূর্ব ভারতে যদি প্রবৃদ্ধি ভালো হয়, তার প্রভাব ভারতের সামগ্রিক অর্থনীতিতে পড়বে।”
বাংলাদেশের জ্বালানি খাতের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় অংশ নেন হাইকমিশনার। এটি আয়োজন করে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০৪ ঘ.
bdnews24