নওগাঁ, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময় ছাত্রদলের দু’পক্ষ কর্মীসভা আহ্বান করায় সংঘর্ষের আশঙ্কায় বদলগাছীতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকতার মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দু’পক্ষের উত্তেজনার কারণে বাদলগাছী বাজার ও আশপাশে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এজন্য এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানান ইউএনও।
বদলগাছী থানার ওসি আলমগীর হোসেন জানান, সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকীর সমর্থক ছাত্রদল নেতা-কর্মীরা সকাল ১০টায় মহিলা কলেজের সামনে কর্মীসভা আহ্বান করে। একই সময়ে থানা বিএনপির সভাপতি বাকিতুল্যার অনুসারী ছাত্রদলের নেতা-কর্মীরা কর্মীসভার ঘোষণা দেয়।
১৪৪ ধারা জারির পর বদলগাছী বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩০০ ঘ.
bdnews24