২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রান্তিক জনগণের স্বাস্থ্য সেবায় কাজ করছি’

‘জিএসএমএ ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস’-এ টেলিনরের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন এই কথা। বার্সেলোনা থেকে লিখছেন শামীম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 06:27 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

শামীম আহমেদ বার্সেলোনা থেকে বার্সেলোনা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইলের মাধ্যমে স্বাস্থ্য সেবার (এম-হেলথ) জন্য সব দেশের সরকারকে প্রশস্ত বেতার তরঙ্গ বিতরণের বিষয়টি নিশ্চিত করার সুপারিশ করেছেন টেলিনরের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডরিক বাকসাস। মঙ্গলবার স্পেনের বার্সেলোনায় ‘জিএসএমএ ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস’ এ টেলিনরের প্যাভিলিয়নে বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এই সুপারিশ করেন। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের দরিদ্র ও কম আয়ের মানুষের জন্য স্বাস্থ্য সেবা খুবই জরুরি উল্লেখ করে বাকসাস বলেন, “আমরা স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সেবা নিয়ে কাজ করছি প্রান্তিক জনগণের জন্য।” বাংলাদেশে স্বাস্থ্য সেবার গ্রামীণফোন থেকে ৭৮৯ নম্বরে ফোন করার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, প্রযুক্তির বহুবিধ ব্যবহারের মাধ্যমে এসব সেবা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে।” বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের অধিকাংশ শেয়ারের মালিক নরওয়েভিত্তিক টেলিনর। মোবাইলে স্বাস্থ্য সেবার মাধ্যমে বাংলাদেশে প্রায় ৪০ হাজার মা ও শিশুকে রক্ষা করা যাচ্ছে বলে জানান টেলিনরের এই কর্মকর্তা। সরকারি-বেসরকারি উদ্যোগ এবং চিকিৎসকদের সাহায্যে এই সেবা খুব দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব জানিয়ে টেলিনরের সিইও বলেন, তবে সরকারের সবগুলো মন্ত্রণালয়কে এ বিষয়ে একযোগে কাজ করতে হবে। যারা স্বাস্থ্য সেবা পাচ্ছে না তাদের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিতে টেলিনর কাজ করছে, বলেন বাকসাস। মোবাইল ফোনে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া কতটুকু নিরাপদ- জানতে চাইলে তিনি বলেন, “আমরা এসব সেবা চালু করার আগেই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছি।” বর্তমানে বিশ্বে ৬৫০ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে জানিয়ে টেলিনর কর্মকর্তা বলেন, এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। “এদের মধ্যে ১৩০ কোটি বর্তমানে ব্রডব্যান্ড ব্যবহার করছে। এটি এখন সময়ের দাবি। তাই সরকারকেও এখন এ বিষয়টি গুরুত্ব দিতে হবে,” বলেন তিনি। বাকসাস বলেন, “প্রযুক্তি দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ জেনারেশনের যাই হোক না কেন, নতুন প্রজন্ম এখন তাদের হ্যান্ডসেটেই সব ধরনের সেবা পেতে চান।” প্রযুক্তির উন্নয়ন এবং সরকারসহ আমাদের সবার চেষ্টা নতুন প্রজন্মের দাবি মেটাতে পারবে বলে আশা করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১২২২ ঘ.