২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন আলমগীর কুমকুম

প্রায় অর্ধশত চলচ্চিত্রের এই নির্মাতা ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটেরও প্রতিষ্ঠাতা সভাপতি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 08:59 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্র নির্মাতা আলমগীর কুমকুম আর নেই। দীর্ঘদিন রোগে ভুগে সোমবার মৃত্যু হয়েছে তার। চলচ্চিত্র পরিচালক শাহিদুর রহমান মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, খুব অসুস্থ হয়ে পড়ায় সকালে আলমগীর কুমকুমকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। দুপুরে তার মৃত্যু হয়। আলমগীর কুমকুমের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দীর্ঘ দিন ধরে ডায়েবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন। শাহিদুর জানান, মরদেহ প্রয়াতের রামপুরার বাসায় রয়েছে। এলাকায় প্রথম জানাজার পর মরদেহ নেওয়া হবে প্রথমে বাংলাদেশ টেলিভিশন ভবনে এবং পরে এফডিসিতে। মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে আলমগীর কুমকুমকে দাফনের পরিকল্পনা রয়েছে বলে শাহিদুর জানান। ‘আমার জন্মভূমি’, ‘গুণ্ডা’, ‘সোনার চেয়ে দামি’, ‘জীবন চাবি’, ‘কাবিন’, ‘রাজবন্দি’, ‘অমরসঙ্গী’সহ প্রায় অর্ধশত চলচ্চিত্র নির্মাণ করেছেন আলমগীর কুমকুম। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটেরও প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। ছাত্রজীবনে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন আলমগীর কুমকুম। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনেও ভূমিকা রাখেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএল/এমআই/১৫৫৫ ঘ.