ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি খরচ বেড়ে যাওয়ায় সয়াবিন ও পাম তেল এবং স্ক্র্যাপ জাহাজসহ বেশকিছু পণ্যের ওপর থেকে আগাম আয়কর (এআইটি) প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
পরে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম জানান, বৈঠকে সয়াবিন ও পাম তেল, সয়াবিন, ক্যানোলা, সরিষা ও সূর্যমুখীর বীজ এবং বাতিল জাহাজের ওপর থেকে এআইটি প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়াও বৈঠকে ভোজ্য তেলের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
আবুল কাশেম বলেন, “কমিটির দ্রুত ভোজ্য তেলের দাম কমানোর বিষয়ে মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে বলেছে। ভোজ্য তেলের কাঁচামাল আমদানিতে একটু সমস্যা হচ্ছে। তবে দ্রুত এর দাম নাগালের মধ্যে চলে আসবে।”
আবুল কাসেমের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, মো. আবুল কাশেম, মো. জয়নাল আবেদীন ও শেখ আফিল উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএল/১৮০৮ ঘ.
bdnews24