২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে অধিদপ্তর হচ্ছে: নাহিদ

মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। জাতীয় সংসদের রোববারের অধিবেশনে চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে নাহিদ জানান, এ অধিদপ্তর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। সংরক্ষিত নারী আসনের সাংসদ মোসাম্মৎ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশে কওমী মাদ্রাসার সংখ্যা ২৪ হাজার ৯৩১টি। কওমী মাদ্রাসাগুলোর জন্য একটি কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “ছাত্র সংসদ নির্বাচন হওয়া জরুরি। শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কাসহ বিভিন্ন কারণে অনেক সময় কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাসময়ে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করতে পারেন না।” “এতে করে বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিকভাবে মত প্রকাশের সুযোগ নষ্ট ও সৃজনশীলতার বিকাশ বাধাগ্রস্ত হয়।” নওগাঁ-৪ আসনের সাংসদ ইমাজ উদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া এবং এ প্রক্রিয়ায় ২০০৯-১০ অর্থবছরে গুরুত্ব বিবেচনা করে দেশের ১৬২৪টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। “নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে আর্থিক বরাদ্দের অপ্রতুলতা রয়েছে। বাজেটে অর্থ প্রাপ্তিসাপেক্ষে সাংসদের সুপারিশ করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হবে।” লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ এ বি এম আশরাফ উদ্দিনের আরেক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, দেশের সরকারি এবং বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগে স্ব স্ব নীতিমালা রয়েছে। “বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নীতিমালার পরিবর্তনে অভিন্ন নীতিমালা প্রণয়নের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কাজ করছে।” সংরক্ষিত নারী আসনের সাংসদ বেগম নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ জানান, ৬৪ জেলায় অসহায় বয়োবৃদ্ধদের বসবাসের জন্য শান্তি নিবাস বা বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন। নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন বলেন, বর্তমান সরকার দায়িত্ব দেওয়ার পর বিদ্যালয়বিহীন গ্রামে দেড় হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য পরিকল্পনা নিয়েছে। “এর মধ্যে, পাঁচশ ৬৯টি দরপত্র আহবান করা হয়েছে। বাকি তালিকা চূড়ান্ত করা হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/১৭৫৯ ঘ.