মাদারীরপুর, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক যুবলীগ নেতাকে থানায় নিয়ে পেটানোর অভিযোগে মাদারীপুরের শিবচরে এক উপ-পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।
উপ-পরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিনকে শনিবার রাতে প্রত্যাহার করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান থানার ওসি আব্দুর রাজ্জাক।
জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় যুবলীগ নেতা ইলিয়াস পাশাকে পেটানোর অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ নেওয়া হয়।
পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও সরকারি বরহামগঞ্জ কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাকিন মাতবর শনিবার বিকালে বাড়ির দেয়াল নির্মাণ করতে গেলে প্রতিবেশী আবুল কাসেম ও তার স্ত্রী তানিয়া আক্তার তাতে বাধা দেয় এবং থানায় অভিযোগ করে।
ওই দম্পতি থানায় অভিযোগ করেন, মোস্তাকিন তাদের জায়গায় দেয়াল নির্মাণ করছে।
অভিযোগ পেয়ে এসআই মোসলেম উদ্দিনের নেতৃত্বে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দিতে বলে এবং মোস্তাকিনকে থানায় যেতে বলে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসময় মোস্তাকিনের ভগ্নিপতি থানা যুবলীগের নেতা ইলিয়াস পাশা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
মোস্তাকিন মাতবর অভিযোগ করেন, ইলিয়াস পাশা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মোবাইলে কথা বলতে চাইলে পুলিশ তাকে বেদম মারপিট করে।
এই ঘটনার প্রতিবাদে ও এসআই এর অপসারণের দাবিতে এলাকাবাসী ও যুবলীগ কর্মীরা দফায় দফায় উপজেলার বিভিন্ন মোড়ে মিছিল করলে পুলিশ ইলিয়াসকে ছেড়ে দেয় বলে জানান মোস্তাকিন।
তবে এসআই মো. মোসলেম উদ্দিন যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি উল্টো বলেছেন, ইলিয়াস পাশাই তার ওপর চড়াও হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪০০ ঘ.
bdnews24