২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাবি পেলেন না স্বাস্থ্যমন্ত্রীও

চাবি খুঁজে না পাওয়ায় তালাবদ্ধ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) নবনির্মিত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিদর্শন করতে পারেননি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

বরিশাল, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- চাবি খুঁজে না পাওয়ায় তালাবদ্ধ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) নবনির্মিত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিদর্শন করতে পারেননি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। বৃহস্পতিবার এই ঘটনার পর আইসিইউ আগামী সাত দিনের মধ্যে ব্যবহার উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। বৃহস্পতিবার শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। তখন আইসিইউ ইউনিট তিনি দেখতে চাইলে তালাবন্ধ ওই ভবনের চাবি খুঁজে পাওয়া যায়নি। পরে তালা ভাঙার চেষ্টাও ব্যর্থ হয়। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আরেফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইসিইউ ভবন ২০০৯ সালের দিকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। “তারা কেন চালু করেনি, তার কারণ আমরা জানি না,” বলেন তিনি। এই বিষয়ে মেডিক্যল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. অনিল কুমার দত্তকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি। স্বাস্থ্যমন্ত্রী এর আগে মেডিক্যাল কলেজের ৫০ আসনবিশিষ্ট ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্স উদ্বোধন করেন। চিকিৎসকদের সঙ্গে বৈঠকও করেন তিনি। চিকিৎসকদের উদ্দেশে রুহুল হক বলেন, চিকিৎসা সেবায় গাফিলতি সহ্য করা হবে না। অবহেলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কলেজের সম্মেলন কক্ষে অধ্যক্ষ ডা. মো. শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠিত ওই বৈঠকে হাসপাতালের জনবল সঙ্কটের কথা তুলে ধরেন চিকিৎসকরা। দেশে ৮ হাজার চিকিৎসকের পদ শূন্য জানিয়ে জনবল সঙ্কট নিরসনে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। এরপর মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ৫শ’ শয্যার নির্মাণাধীন ভবন পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে অসমাপ্ত কাজ শুরুর করতে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন রুহুল হক। ভবনটি অসমাপ্ত কেন- জানতে চাইলে মন্ত্রীকে জানানো হয়, দেড় বছর আগে কাজ অসমাপ্ত রেখে ঠিকাদার পালিয়ে গেছে। নির্বাহী প্রকৌশলী আরেফুর রহমান বলেন, ওই ঠিকাদারের কার্যাদেশ বাতিল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫০ ঘ.