২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার সারাদেশে সাংবাদিকদের সমাবেশ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বুধবার সারাদেশে সমাবেশ করবে সাংবাদিকদের চারটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 02:52 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বুধবার সারাদেশে সমাবেশ করবে সাংবাদিকদের চারটি সংগঠন। গত ১৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংগঠনগুলোর নেতারা যৌথসভা করে এ কর্মসূচি ঘোষণা করেন। সংগঠনগুলো হচ্ছে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। কর্মসূচি অনুযায়ী সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সামনে সমাবেশ হবে। পাশাপাশি সারাদেশের সব সাংবাদিক সংগঠন স্থানীয় পর্যায়ে একই ধরনের কর্মসূচি পালন করবে। গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। এখন পর্যন্ত খুনের কারণ কিংবা খুনিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। সাংবাদিক সংগঠনগুলো ২২ ফেব্রুয়ারির মধ্যে খুনিদের গ্রেপ্তারে সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২০৫১ ঘ.