ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার লক্ষ্মীপুরের জনসভা থেকে ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ তিন জন আহত হয়েছেন।
শনিবার রাত ১টার দিকে সোনারগাঁও শুকতার সিএনজি স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
আহতরা হলেন- এনটিভির সাংবাদিক হাসান মাহমুদ, চিত্রগ্রাহক জালাল আহমেদ ও গাড়িচালক মনির হোসেন।
তাদের গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
জালাল হাসপাতালে সাংবাদিকদের জানান, তাদের গাড়ির সঙ্গে সামনের একটি ট্রাকের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
তাদের গাড়িটির গতি বেশি এবং ট্রাকের গতি কম থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত মনির হোসেনের অবস্থা গুরুতর বলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১০০ ঘ.
bdnews24