মুন্সীগঞ্জ, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতি হয়েছে।
বালুচরা শাখায় রোববার প্রথম প্রহরে ডাকাতরা ভল্ট ভেঙে ৪ লাখ ৯৫ হাজার টাকা লুট করেছে বলে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ বলছে, তারা বিষয়টি তদন্ত করছে। ঘটনায় জড়িত সন্দেহে ব্যাংকের নৈশপ্রহরসহ চার জনকে আটক করা হয়েছে।
ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, রাত ১টা থেকে ৩টা পর্যন্ত ডাকাতি চলে।
কলাপসিবল গেট ভেঙে ডাকাত দল ঢুকে অস্ত্রের মুখে নৈশপ্রহরী মোজাম্মেল হককে বেঁধে ভল্ট ভেঙে টাকা নিয়ে চলে যায়, বলেন তিনি।
নৈশ প্রহরীর বাড়ি ব্যাংকের পেছনেই। তার গোঙানি শুনে বাড়ি থেকে কিশোর ছেলে আরমান এসে বাবার বাঁধন খুলে দেয় বলে ব্যবস্থাপক জানান।
প্রহরী মোজাম্মেল বলেছেন, ডাকাত দলে ১০/১২ জন ছিল এবং সবার হাতেই আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অস্ত্র ছিল।
তবে পুলিশের সন্দেহ, এই ডাকাতিতে নৈশপ্রহরীর যোগসাজশ রয়েছে।
নৈশপ্রহরী মোজাম্মেলের (৫০) পাশাপাশি তার ছেলে ইমরান হক (১৯) এবং আরমান হককে (১৩) আটক করা হয়েছে। এছাড়া আটক করা হয়েছে ব্যাংকের কর্মচারীদের রাঁধুনী রাহেলা বেগমকে (২৭)।
সিরাজদিখান থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, মোজাম্মেল রাতে ব্যাংকের পাহারায় ছিল না বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। দুই ছেলেকে পাহারায় রেখে সে বাড়িতে ঘুমাচ্ছিল।
তদন্ত চলছে এবং এতে সবই বেরিয়ে আসবে, বলেন তিনি।
মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, এক তলা ভবনের এই ব্যাংকটিতে কোনো সশস্ত্র প্রহরী ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪০ ঘ.
bdnews24