কক্সবাজার, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের একটি আবাসিক হোটেলে এক নারী পর্যটক খুন হয়েছেন। এ ঘটনায় একজন গ্রেপ্তার হলেও নিহতের স্বামী পলাতক রয়েছেন।
শনিবার সকালে শহরের কলাতলি এলাকার গেস্ট হাউস অ্যালবাট্রসের ৪০৯ নম্বর কক্ষ থেকে মিনা আকতারের (৩২) লাশ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার মোহাম্মদ ইদ্রিসের মেয়ে।
কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক মনোজ কুমার জানান, ১৬ ফেব্র“য়ারি চট্টগ্রাম থেকে এসে হোটেলের ৪০৯ নম্বার কক্ষে ওঠেন রাশেদ ও মিনা দম্পতি। তাদের সঙ্গে ছিল ৮ বছর বয়সী ছেলে রায়হান। শনিবার সকালে ওই কক্ষ থেকেই মিনা আকতারের লাশ উদ্ধার করে।
অ্যালবাট্রসের কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি জানান, শনিবার সকাল ৭টার দিকে মিনার স্বামী রাশেদ ছেলে রায়হানকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যান। কিন্তু দীর্ঘ সময় ওই কক্ষটি তালাবদ্ধ থাকায় হোটেলের কর্মচারীরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ সকাল ১০টায় বিকল্প চাবি দিয়ে কক্ষ খুলে মিনার লাশ উদ্ধার করে বলে জানান মনোজ।
কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক ফজলুল হক সাংবাদিকদের জানান, নিহত মিনার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, ছেলেসহ স্বামী রাশেদ পলাতক থাকায় তাকেই খুনি বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় রাশেদের বন্ধু দুলালকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, মিনার বাবা মোহাম্মদ ইদ্রিস মেয়ে জামাই ও তার বন্ধুকে আসামি করে কক্সবাজার মডেল থানায় মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৫২ ঘ.
bdnews24