২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি চাইলেন বীরাঙ্গনারা

মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার নারীরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি চেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

সিরাজগঞ্জ, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার নারীরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি চেয়েছেন। শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে একটি বেসরকারি সংস্থার দেওয়া সহায়তা নিতে আসা এই বীরাঙ্গনারা যুদ্ধাপরাধীদের বিচারও দাবি করেন। বেসরকারি সংস্থা ‘সামাজিক সহায়তা উদ্যোগ’ সিরাজগঞ্জের ১৯ বীরাঙ্গনাকে স্বাবলম্বী করতে প্রত্যেকের হাতে একটি করে গাভী তুলে দেয়। সংগঠনের সভাপতি আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক মোকলেছুর রহমান সরকার, সংগঠনের সমন্বয়কারী এ. টি. এম যায়েদ হোসেন, বীরাঙ্গনা কমলা বেগম ও বীরাঙ্গনা সূর্য বেগম বক্তব্য রাখেন। বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, একাত্তরে বাংলার মানুষকে হত্যা করতে যুদ্ধাপরাধীদের কোনো আইন লাগেনি। কিন্তু এখন তাদের বিচার করতে আইন তৈরি করা হয়েছে। সেই বিচার নিয়েও একটি মহল জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, একাত্তরে বাংলার মা-বোনেরা নির্যাতনের শিকার হয়েছে। তাদের যে সম্মান দেওয়া উচিত ছিল তা দেওয়া হয়নি। বীরাঙ্গনা কমলা বেগম বলেন, মুক্তিযোদ্ধাদের মতো নির্যাতিত নারীদেরও রাষ্ট্রীয় স্বীকৃতি ও ভাতা দিতে হবে। একাত্তরে নির্যাতনের কথা উল্লেখ করে বীরাঙ্গনা সূর্য বেগম এ অপরাধে সহায়তাকারী স্থানীয় রাজাকারদের বিচার দাবি করেন। বীরাঙ্গনারা যাতে সরকারি-বেসরকারি চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে সেবা পায় সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোকলেছুর রহমান সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩৮ ঘ.