ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বৃহস্পতিবারের মধ্যে সড়ক ভবনের অবৈধ দখলে থাকা জমি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ মঙ্গলবার মৌখিকভাবে এই আদেশ দেয়।
যোগাযোগ সচিব এমএএন সিদ্দিকী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আমানুর রহমান লস্কর, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন ও সংস্থাপন) মো. ফরিদুল আলম আদালতে হাজির হওয়ার পর এই আদেশ দেয়।
সকাল ১১ থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে তারা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।
আদালত বলেছে, ওই দিন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার যদি এসে বলে রায় অনুযায়ী তারা সব জমি বুঝে পেয়েছেন, তাহলে আপনারা আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পাবেন। অন্যত্থায় চার জনকে নাজিমউদ্দিন রোডে পাঠিয়ে দেওয়া হবে।
আদেশ বাস্তবায়ন করে আদালতে একটি প্রতিবেদন দিতেও বলেছে হাই কোর্টের এই বেঞ্চ।
শুনানিতে সচিব বলেন, “আমি নভেম্বর মাসে দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নিয়ে ডিসেম্বর মাসে এক চিঠিতে সড়ক ও জনপথ বিভাগকে এই জমি ছেড়ে দিতে বলেছি।”
“আমি উদ্যোগ নিয়েছি। এর আগে জমি ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি।”
আদালত বলে, “তাহলে তো তারা আপনার আদেশও মানেনি। তাদের ধৃষ্টতা কত দূর গেছে দেখেন।”
সচিব বলেন, দেশে ২২ হাজার কিলোমিটার সড়কে শুষ্ক মৌসুমে কাজ চলে। আদালতের আদেশে সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা বিবেচনা করবেন।
এ সময় আদালত বলে, আমাদেরও মারাত্মক স্থান সংকট রয়েছে। রোববার চিন্তা করে দেখব, সাময়িকভাবে কিছু দেওয়া যায় কি-না।
এ সময় আপত্তি তোলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
আদালতে চার আমলার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুল হক। সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান, আদালত অবমাননার আবেদনের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বক্তব্য দেন।
গত বছরের ১০ মার্চ হাই কোর্টের একটি বেঞ্চ এক রায়ে সড়ক ভবন ও শিশু একাডেমীর দখলে থাকা জমি সুপ্রিম কোর্টের সম্পত্তি ঘোষণা করে রায় দেন।
এই রায়ের বিরুদ্ধে উভয় প্রতিষ্ঠান আপিলের আবেদন করে। শুনানি শেষে একই বছরের ২৮ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ দুটো আবেদনই খারিজ করে।
রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ গত ২৪ অক্টোবর সড়ক ও জনপথ অধিদপ্তর এবং শিশু একডেমীকে নোটিশ দিয়ে ১৫ দিনের মধ্যে ওই জমি বুঝিয়ে দিতে বলেন।
এরপর সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. ফরিদুল আলম সোমবার সুপ্রিম কোর্টের নিবন্ধককে দেওয়া এক চিঠিতে জানান, আদালতের আদেশ বাস্তবায়নের জন্য দশমিক ৬৭ একর জমি বুঝিয়ে দিতে চান।
কিন্তু সুপ্রিম কোর্টের আদেশে সড়ক ভবনের পুরো জমি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও আংশিক জমি দেওয়ার এই উদ্যোগকে আদালত অবমাননা বলে অভিহিত করেন সুপ্রিম কোর্টের নিবন্ধক একেএম শামসুল ইসলাম।
তিনি গত সোমবার সাংবাদিকদের বলেন, “হাই কোর্টের নির্দেশনা পুরো বাস্তবায়ন তো তারা করেইনি। উপরন্তু দশমিক ৬৭ একর জমি বুঝিয়ে দিতে আমাকে চিঠি দিয়েছে। ওই জমিতে কেয়ারটেকার বিল্ডিং, আনসার বিল্ডিং, পাম্প হাউজ, ২টি স্টোর রুম ছিল। আজ তারা এই সব ভবনের দরজা জানালা পর্যন্ত খুলে নিয়ে গেছে।”
গত ১৩ ফেব্র“য়ারি রিটকারী অ্যাডভোকেট আসাদুজ্জামান আদালত অবমাননার এক আবেদন দাখিল করেন। ওই আবেদনের শুনানি করে আদালত যোগাযোগ সচিবসহ চার জনকে তলব করে।
একইসঙ্গে আদালতের নির্দেশনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করায় কেন বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট।
আদালতের এই আদেশে বৃহস্পতিবার সকালে যোগাযোগ সচিবসহ তিন কর্মকর্তা হাজির হলে তাদের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী বলেন, তারা হাজির হয়েছে।
এ সময় আদালত বলে, কোথায় তারা? তাদেরকে কি চা খেতে ডাকা হয়েছে? কাঠগড়ায় আসতে বলেন। আরেক জন কোথায়? ১০ মিনিটের মধ্যে আসতে বলেন, নয়তো আমরা তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবো।
এ সময় আসাদুজ্জামান সিদ্দিকী জানান, তিন জনকে তলব করা হয়েছে বলে আমরা শুনেছি।
আদালত বলে, আপনি লিখিত আদেশ দেখেছেন। গতকাল আমরা লিখিত আদেশ দিয়েছি। সেখানে তো চার জন বলা আছে।
এর কিছক্ষণ পর সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুর আদালতে এসে বাকিদের সঙ্গে কাঠগড়ায় দাঁড়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮৫৭ ঘ.
bdnews24