২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহসিকতার সঙ্গে কাজ করুন: প্রধানমন্ত্রী

জনগণকে রক্ষায় আনসার সদস্যদের সাহসিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

গাজীপুর, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণকে রক্ষায় আনসার সদস্যদের সাহসিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩২তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ২০২১ সালের মধ্যে একটি ক্ষুধা দারিদ্র্য নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “জনগণের জানমালের হেফাজত করা সরকারের দায়িত্ব। তাই আনসার সদস্যদের এ দায়িত্ব পালনে সততা, আন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে।” এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে একাডেমির অনুষ্ঠানস্থলে যান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহিদুর রহমান তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপি বাহিনীর স্বাগত অভিবাদন গ্রহণ শেষে একটি খোলা জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর তিনি একটি সুসজ্জিত মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর আগমন ও কুচকাওয়াজ প্রদর্শনকালে মহিলা আনসারদের একটি দল চমৎকার গ্যালারী ডিসপ্লে প্রদর্শন করে। কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদানের জন্য কয়েকজন আনসার ভিডিপি সদস্যকে বাংলাদেশ আনসার ভিডিপি পদক ও রাষ্ট্রপতি আনসার পদক দেন। এবার অসম সাহসিকতার পরিচায়ক হিসেবে ১২ জন ব্যাটালিয়ন আনসারকে বাংলাদেশ আনসার পদক, সাত জনকে রাষ্ট্রপতি আনসার পদক ও দুই জনকে রাষ্ট্রপতি ভিডিপি পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, “১৯৯৮ সালে আমি এই বাহিনীকে জাতীয় পতাকা প্রদান করি। সে সময় ব্যাটালিয়ন আনসারদের চাকরি স্থায়ী করার উদ্যোগও আমরাই নিয়েছিলাম।” “ইতোমধ্যে ১১টি ধাপে ১২২১৫ জন ব্যাটালিয়ন আনসারকে স্থায়ী করা হয়েছে।” আনসার বাহিনীর আধুনিয়কায়নের লক্ষ্যে বিশেষ (কম্ব্যাট) পোশাকের পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “স্থায়ী ব্যাটালিয়ন আনসারদের টাইম স্কেলসহ তাদের পদোন্নতির দীর্ঘদিনের জটিলতা নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।” “ব্যাটালিয়ন আনসারদের চাকুরি স্থায়ী করণের সময়সীমা ১২ বছর থেকে কমিয়ে নয় বছর করা হয়েছে।” অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা একাডেমি চত্তরে লেকের ওপর নির্মিত সুসজ্জিত সরোবরে বসে আনসার ভিডিপি সদস্যদের পরিবেশিত আকর্ষণীয় ও মনোমুগ্ধকর কোরিওগ্রাফি এবং গ্রামীণ জনপদের জীবনমুখী গীতিনাট্য উপভোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২২০৯ ঘ.