খুলনা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি কমিশন ঘোষণার দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ব সাতটি পাটকলের শ্রমিকরা বুধবার সকাল থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে।
পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ ও পাটকল শ্রমিক লীগ যৌথভাবে সারাদেশে এ কর্মসূচির ডাক দেয়।
মিলগুলো হল- খুলনার স্টার, ক্রিসেন্ট, প্লাটিনাম, আলিম ও ইস্টার্ন জুটমিল এবং যশোরের জে জে আই জুটমিল ও কার্পেটিং মিল।
ধর্মঘটে খুলনা-যশোর অঞ্চলের মিলগুলোতে প্রায় ৩০০ টন পণ্য উৎপাদন ব্যহত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহবায়ক হাফিজুর রহমান ভূঁইয়া বলেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় রাষ্ট্রায়াত্ব কলকারখানার শ্রমিকরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, ২০০৯ সালে সরকার পে-স্কেল ঘোষণা করলেও শ্রমিকদের মজুরি কমিশন ঘোষণা করেনি। এখন এ কমিশন ঘোষণা ও বাস্তবায়ন নিয়ে অর্থ মন্ত্রণালয় টালবাহনা করছে। স্বপ্ল মজুরিতে সারাদেশে প্রায় ২৫ হাজার শ্রমিক পরিবার এখন কষ্টকর জীবনযাপন করছে।
নিয়ম অনুযায়ী পে-স্কেল ঘোষণার পরপরই মজুরি কমিশন ঘোষণা করার কথা, কিন্তু এখনো তা না করে সরকার শ্রম আইন লংঘন করছে।
অবিলম্বে দাবি মেনে না নিলে ২১ ফেব্র“য়ারির পর শ্রমিকরা আরো বড় কর্মসূচি দিতে বাধ্য হতে হবে, বলেন তিনি।
পাটকল শ্রমিক লীগ কেন্দ্রীয় সভাপতি সরদার মোতাহার রহমান বলেন, দীর্ঘ আন্দোলন করার পরও সরকারের টনক না নড়ায় বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন। সরকারের সিদ্ধান্তের পরই ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হবে।
বিজেএমসি’র খুলনা অঞ্চলের লিয়াজোঁ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, শ্রমিক ধর্মঘটের কারণে খুলনা জোনের মাতটি পাটকলে উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে প্রায় পৌনে ৩০০ টন পাটজাত পণ্য উৎপাদন ব্যহত হয়।
“আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৩ ঘ.
bdnews24