আবু নাছের মঞ্জু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
নোয়াখালী, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হকের ৪৩তম মৃত্যুবার্ষিকী বুধবার, যাকে ঊনসত্তরের এই দিনে পাকিস্তানি জান্তা হত্যা করেছিল। এই বীরের স্মৃতি রক্ষায় সরকারিভাবে কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ রয়েছে তার স্বজনদের।
নোয়াখালী জেলা সদরের সোনাপুরে ১৯৩৫ সালের ৯ ফেব্র“য়ারি জহুরুল হকের জন্ম। নোয়াখালী জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। ১৯৬৫ সালে তিনি যোগ দেন বিমানবাহিনীতে।
সেনানিবাসে পথশিশুদের ওপর পাকিস্তানি সৈন্যদের নির্যাতনের প্রতিবাদ করায় তৎকালীন জান্তার বিরাগভাজন হন এই জহুরুল হক। পরে ১৯৬৭ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।
বন্দি অবস্থায় সার্জেন্ট জহুরুল হককে ওই মামলার প্রধান আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে রাজস্বাক্ষী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও ততে তিনি রাজি হননি। এ কারণে কারা অভ্যন্তরে গুলি করে হত্যা করা হয় তাকে।
এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ, এই বীর সন্তানের নিজ জেলায় তার নামে কোনো কিছুই করা হয়নি। জেলা পরিষদ কলোনিতে সংস্কারের অভাবে তার পৈত্রিক বাড়িটির এখন জীর্ণদশা।
জহুরুল হকের বাড়ির পাহারাদার মো. হানিফ জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় জেলা পরিষদ বাড়িটি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছিলো। তখন এলাকাবাসী প্রতিবাদ মুখর হয়ে উঠে। শেষ পর্যন্ত হাইকোর্টে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়িটি শেষ রক্ষা পায়।
ষাটোর্ধ্ব হানিফ স্মৃতি রোমন্থন করে বলেন, “এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আ স ম আবদুর রব, শাহজাহান সিরাজ, আবদুল কুদ্দুস মাখন, নূরে আলম জিকুসহ অসংখ্য জাতীয় নেতার আসা-যাওয়া ছিলো এই বাড়িতে। জহুরুলের আরেক ভাই প্রয়াত অ্যাটর্নি জেনারেল আমিনুল হক এবং চাচা জাসদ নেতা কাজী মাহফুজুল হক প্রকাশ মাদু চাচার স্মৃতি বিজড়িত এই বাড়িতে ’৫২-র ভাষা আন্দোলন, ’৬৯-র গণ অভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের জাতীয় নেতাদের আগমন ঘটতো। কিন্তু ঐতিহাসিক এ বাড়িটিকে ঘিরে কিছুই করা হয়নি। উল্টো উচ্ছেদের চেষ্টা চালানো হয়েছে বার বার।”
প্রতিবেশী আবুল হাশেম (৭০) জানান, সোনাপুরে জেলা পরিষদের বাড়িতেই বড় হন সার্জেন্ট জহুরুল। বাড়ির সামনের সোনাপুর কলেজের দীঘিতে তিনি নিয়মিত সাঁতার কাটতেন। ছোটবেলা থেকে প্রচণ্ড সাহসী ও প্রতিবাদী চরিত্রের ছিলেন বলে লোকজন তাকে ‘মার্শাল’ নামে ডাকতেন।
“অন্যায়ের সঙ্গে আপস করেননি বলে সার্জেন্ট জহুরুলকে জীবন দিতে হয়েছে। প্রয়োজনীয় উদ্যোগের অভাবে এই বীরত্ব গাথা নতুন প্রজন্মের অনেকেই জানে না”, যোগ করেন তিনি।
জহুরুল হকের চাচাতো বোন ফাতেমা হক বলেন, “আমার ভাইয়ের স্মৃতি রক্ষায় এ জেলায় সরকার কিংবা প্রশাসন কোন কিছুই করলো না।”
এই বীর সন্তানের স্মৃতি রক্ষায় ‘একটা কিছু’ করা দরকার বলে মনে করছে জেলা পরিষদও। অবশ্য এজন্য শহীদের স্বজনদেরই এগিয়ে আসার কথা বলছেন তারা।
নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এমডি আল আমিন বলেন, “সরকারি জায়গা ইজারা নিয়ে সার্জেন্ট জহুরের বাড়িটি তৈরি। তবে এখানে স্থায়ী পাকা ভবন তৈরিতে আইনগত সমস্যা রয়ে গেছে। তবে জাতির এ বীর সন্তানের স্মৃতি বিজড়িত বাড়িতে একটা কিছু করা দরকার।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২৩৩ ঘ.
bdnews24