গাইবান্ধা, ১৪ ফেব্র“য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়ের ধর্ষণকারী এবং বাবার খুনিদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
এরপর দুপুরে ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে দেড়ঘণ্টা গোবিন্দগঞ্জ উপজেলার তালতলা একচল্লিশ মাইল এলাকায় অবরোধ করে তারা। এতে শত শত যানবাহন আটকা পড়ে।
গোবিন্দগঞ্জের পল্লীতে মেয়ের ধর্ষণের প্রতিবাদ করতে গেলে সোমবার রাতে ধর্ষিতার বাবা হাবিবুর রহমানকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস সড়ক অবরোধের কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে।
তিনি বলেন, তালতলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে সোমবার দুপুরে উপজেলার বালুয়া বাজার গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে আবুল বাসার ওরফে ছোট মিলন (২৫) উঠিয়ে নিয়ে ধর্ষণ করে।
বিষয়টি জানার পর মেয়েটির অভিভাবকরা সন্ধ্যায় থানায় অভিযোগ করার জন্য রওনা হলে মিলন ও তার সঙ্গীরা বাধা দেয়। এক পর্যায়ে এলাকাবাসী মিলনকে আটক করে রাখে।
এরপর মিলনের সঙ্গীরা হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর এবং মেয়ের বাবা হাবিবুর ও তার চাচা শাহ আলমকে বেদম মারধর করে। এতে শাহ আলমের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ছেলে শাহ আলম অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে সোমবার রাতে থানায় একটি মামলা করেন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ঘটনায় জড়িত অভিযোগে শরিফুল ইসলাম (২৮) নামে একজনকে দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ জানান, ধর্ষণে অভিযুক্ত মিলন স্থানীয় এক যুবলীগ নেতার ভাই পরিচয় দিয়ে এলাকায় একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২২৬ ঘ.
bdnews24