২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকি: কোকোর অভিযোগ গঠন ফের পেছালো

আয়কর ফাঁকির মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি দ্বাদশ বারের মতো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 06:45 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি দ্বাদশ বারের মতো পিছিয়েছে। কোকোর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ মামলায় আভিযোগ গঠনের শুনানি শুরুর জন্য সোমবার আদালতের কাছে সময় চাইলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান তা মঞ্জুর করে আগামী ৬ মার্চ নতুন দিন রাখেন। তবে বার বার সময় চাওয়ায় বিচারক আসামি পক্ষের আইনজীবীকে সতর্ক করে বলেন, এর পরে আর সময় দেওয়া হবে না। কোকোর আইনজীবীরা আদালতে বলেন, এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে হাইকোর্ট ২০১০ সালের ৯ জুন একটি রুল জারি করে। ওই রুলের নিস্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতে অভিযোগ গঠনের শুনানি মুলতবি করা হোক। ২০১০ সালের ১ মার্চ দায়ের করা এ মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার শাহীন আক্তার হোসেন অভিযোগ করেন, কোকো তার আয়কর বিবরণীতে ২০০২ করবর্ষ থেকে ২০০৭ করবর্ষ পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন। মুদ্রা পাচারের অভিযোগে একটি মামলায় ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালত গত বছর কোকোকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেয়। কোকো বিদেশে অবস্থান করায় তাকে পলাতক দেখিয়ে ওই মামলার রায় ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১২২০ ঘ.