ঢাকা, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে বিএসএফ স্কুলের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে।
সীমান্তে হত্যা নিয়ে দেশে বিএসএফের কড়া সমালোচনার মধ্যেই ২৩ সদস্যের এই দলটি চার দিনের সফরে শনিবার ঢাকা পৌঁছেছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি শনিবার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করে। রোবববার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং জাতীয় সংসদ ভবন দেখেছে তারা।
সফরের সময় জাতীয় জাদুঘর, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জাদুঘর ঘুরে দেখার পাশাপাশি যমুনা নদীতে নৌভ্রমণও করবে ভারতীয় এই শিক্ষার্থীরা।
প্রতিনিধি দলটিতে ২০ জন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া দুজন কর্মকর্তা এবং এক কর্মকর্তার স্ত্রীও রয়েছেন এই দলে। মঙ্গলবার তারা ফিরে যাবেন।
সড়ক পথে বেনাপোল হয়ে আসা এই দলটি সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করবে।
বিজিবি ও বিএসএফে কর্মরতদের স্কুলগামী সন্তানদের জন্য উভয় দেশে সৌজন্যমূলক শিক্ষা সফরের আয়োজন করা হয়ে থাকে। গত বছর বিজিবি স্কুলের ২৩ সদস্যের একটি প্রতিনিদি দল কলকাতা সফর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৬৪৭ ঘ.
bdnews24