সাভার, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একদল দুর্বৃত্ত একটি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালিয়েছে।
শনিবার সকালে গৌরিপুর গ্রামে এ ঘটনার পর জনতা ধাওয়া করে তাদের মধ্যে ছয়জনকে আটক করে পুলিশে দিয়েছে। তাদের দু’টি গাড়ি জ্বালিয়েও দেয় এলাকাবাসী।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানান আশুলিয়া থানা পুলিশ।
আটকরা হলেন- আব্দুস সালাম (৩২), নাছির উদ্দিন কবীর (৩৫), জুলেখা আক্তার জুলি (২৭), নূর হাকিম (৪২), মতিউর রহমান (৪০) ও আসাদ (৩০)।
ওই বাড়ির লোকজনের বরাত দিয়ে আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে ৬০-৭০ জন দুর্বৃত্ত ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৬/৭টি পিকআপ ভ্যানে করে মহল্লার চাঁন মিয়ার বাড়িতে প্রায় দু’ঘণ্টাব্যাপী এ হামলা-ভাংচুর-লুটপাট চালায়। লোকজনকে মারধর করে। ক্রসফায়ারের ভয় দেখায়। তাদের কাছে হাতকড়া, পিস্তল ও ওয়াকিটকি ছিল।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, বিকালে সহকারী পুলিশ সুপার (এএসপি) মনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চাঁন মিয়ার ছোট ছেলে নিজাম উদ্দিন পুলিশকে জানান, দুর্বৃত্তরা বাড়ির পাঁচটি টিনের ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। টিভি, ফ্রিজ, অসবাবপত্র ভ্যানে তুলে নিয়ে যায়।
বিষয়টি এলাকাবাসী জানলে ধাওয়া করে ৬ জনকে ধরে ফেলে।
চাঁন মিয়ার বড় ছেলে মো. মোমিন জানান, কারা এই হামলা করেছে বোঝা যাচ্ছে না।
তিনি বলেন, বৃহস্পতিবার তার ছোট বোনের বিয়ে হওয়ায় বাড়িতে বেশকিছু সোনাদানা ছিল। দুস্কৃতকারীরা তা নিয়ে গেছে।
হামলায় তার স্ত্রী আসমা আক্তার, বোন পাখি, ভাবী রিতা, ভাগ্নী মৌসুমীসহ আরো কয়েকজন আহত হন।
আশুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য লেহাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসী এগিয়ে আসলে দুস্কৃতিকারীরা পালাতে থাকে। কিন্তু জনতা একটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যানে আগুন দেয়। ছয়জনকে আটক করে পুলিশে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০৮ ঘ.
bdnews24