গাইবান্ধা, ০৪ ফেব্র“য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ছেলেদের মারধরে বাধা দেওয়ায় দুর্বৃত্তের লাথিতে এক মহিলার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে কাইয়ারহাট গ্রামে নিজ বাড়ির পাশে এ ঘটনায় নিহত হন মহিমা চন্দ্র রবিদাসের স্ত্রী বেগুনী রানী রবিদাস (৫৫)। শনিবার ফুলছড়ি থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় জড়িত অভিযোগে রসুরপুর গ্রামের বকু মিয়ার ছেলে আলী হোসেনকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে।
ফুলছড়ি থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে বালাসীঘাট থেকে বাড়ি ফেরার পথে ৭/৮ জন বখাটে যুবককে বাড়ির পাশে প্রস্রাব করতে দেখে বেগুনি রানীর দুই ছেলে সুখলাল রবিদাস ও বাচ্চু রবিদাশ নিষেধ করেন।
এতে ওই বখাটেরা দুইভাইকে মারধর করতে থাকে। মা বেগুনি তার ছেলেদের মারধর করতে বাধা দিলে এক বখাটে তার তলপেটে লাথি মারে। গুরুতর অসুস্থ হয়ে পড়লেও বেগুনিকে হাসপাতালে নিতে দেয়নি তারা। রাত ১টার দিকে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়, বলেন ওসি।
ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ১০ জনকে আসামি করে শনিবার বাচ্চু একটি হত্যা মামলা করেছেন।
হামলাকারীরা নেশাগ্রস্ত ছিল বাচ্চু পুলিশকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৫৫ ঘ.
bdnews24