সিলেট, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানীগঞ্জে যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ লেগুনাযাত্রী।
শনিবার দুপুরে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খাগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত চার মাস বয়সী সোহানা বেগম উপজেলার মোস্তফানগর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। দুর্ঘটনায় জামাল উদ্দিন ও তার স্ত্রী আঙ্গুরা বেগম আহত হয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) নন্দন কান্তি ধর জানান, দুপুর ১টার দিকে কোম্পানীগঞ্জমুখী যাত্রীবাহী লেগুনার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি খাদে পড়ে।
আহতদের তিনজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭১৪ ঘ.
bdnews24