২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ১৪৪ ধারা জারি

বগুড়ার গাবতলী উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষ একই সময়ে একই স্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

বগুড়া, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার গাবতলী উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষ একই সময়ে একই স্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় ও এর আশপাশে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত- ১৪৪ ধারা কার্যকর থাকবে বলে জানিয়েছেন গাবতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরো জানান, গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শূন্য পদ পূরণ করতে শনিবার ১১টায় গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইএম আযম খান সভা আহ্বান করেন। একই সময়ে একই স্থানে যুগ্ম সম্পাদক আমিনুল ইসলামও সভা ডাকেন। এজন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এ ১৪৪ ধারা জারি করা হয়েছে। সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। এএইচএম আযম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা আওয়ামী লীগের অনুমতি নিয়েই বর্ধিত সভা আহ্বান করেন তিনি। তবে আমিনুল ইসলাম দাবি করেন, “গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আমারই দায়িত্ব পাওয়ার কথা। কিন্তু আমাকে বাদ দিয়ে অন্যজনের নাম ঘোষণার জন্য সভা ডাকা হয়।” আযম খান জানান, জেলা থেকে পরবর্তী সময় নির্ধারণের জন্য নির্দেশ দিলে নগরের প্রশিকা মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। ওদিকে, আমিনুল জানান, গাবতলী পুরান বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ-সভাপতি মহসীন আলীর সভাপতিত্বে তারা একটি সভা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৭১০ ঘ.