মামুনুর রশীদ ও আশিক হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রকাশনাকে পরিপূর্ণ শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন কবি আসাদ চৌধুরী।
বইমেলার তৃতীয় দিন শুক্রবার মেলা প্রাঙ্গণে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুঃখের সঙ্গে বলছি, সরকার এখনো প্রকাশনাকে শিল্প হিসাবে নেয়নি। অনেক লেখকই ঠিকমত টাকা পান না। কিন্তু যতটুকু অগ্রগতি হয়েছে তার সম্পূর্ণটা নিজের চেষ্টায়।”
এই কবি খেদ প্রকাশ করে বলেন, “দেশে ম্যাচের ইন্ডাস্ট্রি আছে, মোমের ইন্ডাস্ট্রি আছে; কিন্তু প্রকাশনার মতো একটি সম্ভাবনাময় শিল্পের জন্য সেরকম কোনো উদ্যোগই নেই।”
এবারের মেলায় এসে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট কবি আসাদ চৌধুরী। বইয়ের ছাপা ও বাঁধাই নিয়েও প্রশংসা ঝরল তার কণ্ঠে।
“আগের বারের চেয়ে এবারের মেলা খুব পরিচ্ছন্ন এবং শৃঙ্খলাবদ্ধ। যে কটা বই দেখেছি, আমর বন্ধুরা উপহার দিয়েছে, তার ছাপা-বাঁধাই সত্যি অসাধারণ।”
এবারের মেলায় ৬৯ বছর বয়সি এই কবির প্রকাশিতব্য গ্রন্থের সংখ্যা পাঁচ থেকে ছয়টি। এর মধ্যে দুটি কাব্যগ্রন্থ। এর একটি হল ‘যেতে যেতে মধ্যযুগ ঘুরে দাঁড়িয়েছে’ এবং অন্যটি ‘সবুজ গম্বুজের নিচে’। বই দুটি প্রকাশ করছে সময় এবং সিদ্দীকিয়া পাবলিকেশন্স।
আসাদ চৌধুরী জানান, অন্য বইগুলো কিশোর সঙ্কলন এবং রূপকথার। এর মধ্যে একটি হচ্ছে ‘দাঁড়কাক জল নিয়ে ফিরে এল’।
গদ্যপদ্য পাবলিকেশন্স থেকে প্রকাশিতব্য ‘দুখীয়ার গল্প’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কবি বলেন, “এটি কিশোরগঞ্জের লোককাহিনী। আমার খুবই পছন্দের। আর ওরাও (পাবলিকেশন্স) খুব যতœ নিয়ে কাজ করছে।”
আসাদ চৌধুরীর প্রথম বই ‘সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু’ প্রকাশিত হয় ১৯৭৫ এর ১৭ মার্চ। বঙ্গবন্ধুর জন্মদিনে লেখক নিজ হাতে বইটি তাকে উপহার দেন বলে জানান।
তার প্রথম কবিতার বই ‘তবক দেয়া পান’ প্রকাশিত হয় ১৯৭৫ সালের ৬ ডিসেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/এমআই/১৭১০ ঘ.
bdnews24