ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি শ্রমিকদের ১৩ দফা দাবির সঙ্গে সহমত প্রকাশ করেছেন শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, “দাবি আদায় না হলে আমি নিজেও প্রথম সারিতে থেকে আন্দোলন করব।”
বৃহস্পতিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক হিসেবে মর্যাদা, কৃষি শ্রমিকদের জন্য শ্রমআইন, ন্যূনতম মজুরি, পরিচয়পত্রসহ ১৩ দফা দাবিতে কৃষি শ্রমিকদের একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষক এবং শ্রমিকদের উন্নতি না হলে সরকারের ২০২১-এর রূপকল্প বাস্তবায়ন সম্ভব হবে না মন্তব্য করে মন্ত্রী বলেন, “বর্তমান সরকার কৃষকদের সমস্যায় সবসময়ই অগ্রাধিকার দিয়ে আসছে।”
ইতিমধ্যে সরকার কৃষকদের জন্য স্বল্প মূল্যে সার, ডিজেলে ভর্তুকিসহ প্রায় এক কোটি ৩৯ লাখ কৃষককে কৃষিপণ্য উপকরণ সহায়তা কার্ড সরবরাহ করেছে বলে উল্লেখ করেন তিনি।
কৃষকদের দাবির মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো- সারা বছরের কাজ নিশ্চিত করা, প্রান্তিক কৃষকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, কৃষিতে শিশুশ্রম নিষিদ্ধ, কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা, নারী ও পুরুষ শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করা।
ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন কৃষি শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, “দেশের ধনী ব্যক্তিরা সবসময়ই সুবিধা পেয়ে থাকে, কিন্তু দরিদ্র খেটে খাওয়া মানুষ অধিকারের কথা বললেই সরকারের টাকা থাকে না।”
তিনি কৃষকদের দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
‘কৃষিশ্রমিক অধিকার মঞ্চ’ আয়োজিত এ সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, মঞ্চের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. কাজী খালেকুজ্জামান আহমেদ, মঞ্চের সদস্য সচিব বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইস্রাফিল আলম, বগুড়ার কৃষি শ্রমিক কালু বিশ্বাস, মানিকগঞ্জের নারী কৃষিশ্রমিক আলেয়া বেগম প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/২০৩৫ ঘ.
bdnews24