ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর মেজর রহিমুজ্জামান রব্বানীকে খালাস দিয়ে শিক্ষা অধিদপ্তরের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ লুৎফর রহমান মোস্তফা সুমন হত্যামামলার রায় হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেনের দেওয়া রায়ে এক আসামির মৃত্যুদণ্ড এবং আরো দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়েছে।
মৃত্যুদণ্ডে দণ্ডিত শামসুল ইসলাম মতিন বেসরকারি একটি টেলিভিশনের সাবেক বৈদ্যুতিক টেকনিশয়ান। আর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, ব্যবসায়ী আহসান হাবিব এবং সমাজ সেবা কর্মকর্তা মনিরুজ্জামান জুয়েল।
মেজর রব্বানীর সঙ্গে খালাস পেয়েছেন মো. শাহীন নামে অন্য এক আসামি। মামলার বাকি আসামি নিয়ামুল ইসলাম রিপন কারাগারে মারা যাওয়ায় তাকে বিচারের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে।
২০০৭ সালের ১১ জুন রাজধানীর মিরপুর থেকে সুমনকে (৩২) অপহরণ করা হয়। পর দিন কুমিল্লার চান্দিনা থানার ছয়ঘড়িয়া গ্রামে তার লাশ পাওয়া যায়।
এরপর সুমনের বাবা হামিদুর রহমান মানিক বাদি হয়ে মিরপুর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
অভিযোগপত্রে বলা হয়, মেজর রব্বানীর স্ত্রী নিপার গৃহশিক্ষক ছিলেন নিহত সুমন। নীপার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে ধারণা করে হত্যার ষড়যন্ত্র করেন মেজর রব্বানী। আর এই কারণেই এই হত্যাকাণ্ড ঘটে।
এজাহারে বলা হয়, সুমনকে রাজধানীর কাজীপাড়া থেকে অপহরণের পর হত্যা করে কুমিল্লার চান্দিনা থানার ছয়ঘড়িয়া গ্রামে একটি ফাঁকা মাঠে লাশ ফেলে রাখা হয়।
রায় ঘোষণার পর কোনো সাংবাদিককে রায়ের কপি দেখতে দেওয়া হয়নি।
মামলায় যার মূল আসামি হওয়ার কথা ছিল, সেই রব্বানীর খালাসের কারণ জানতে চাইলে ওই আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রফিকউদ্দিন বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার এজাহারে কাউকে আসামি করা হয়নি। অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তাও মেজর রব্বানীকে প্রধান আসামি হিসাবে অন্তর্ভুক্ত করেননি।
“অভিযোগপত্রে বলা হয়েছে, রব্বানী ঘটনার সময় তার কর্মস্থলে উপস্থিত ছিলেন বলে সেনাবাহিনী তদন্ত কর্মকর্তাকে প্রামানিক দলিল পাঠিয়েছে। যে কারণে রব্বানী খালাস পেয়েছেন। আর রাষ্ট্র পক্ষ থেকেও তদন্ত প্রতিবেদনের বাইরে এ মামলার বিচারকালে কোনো কোন সাক্ষ্য আমি উপস্থাপন করতে পারিনি,” বলেন তিনি।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন সৈয়দ রেজাউর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২০০০ ঘ.
bdnews24