মৌলভীবাজার, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করার সময় সরকারি হাসপাতালের এক চিকিৎসককে একমাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ওই ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপককেও একমাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১৫ দিন করে কারাভোগ করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের নির্বাহী ম্যজিস্ট্রেট আব্দুল কুদ্দুস এ সাজা দেন।
র্যাব ও পুলিশের একটি দল আদালতকে সহায়তা করে।
দণ্ডিতরা হলেন- মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার (ইএমও) মাহমুদুল আহমদ রনক (৩৬) ও ‘ল্যাব এইড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে’র ব্যবস্থাপক আসাদুজ্জামান তানিম (৩৫)।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি আবু সালেহ মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুল আহমদ রনক হাসাপাতালের দায়িত্ব চলাকালে জেলা সদরের শ্রীমঙ্গল সড়কের দি ল্যাব এইড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে কাজ করছিলেন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দুস ওখানে অভিযান চালিয়ে রনক ও তানিমকে আটক করেন।
বিকাল সাড়ে ৫টার দিকে দণ্ডিতদের সদর মডেল থানা থেকে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯৩১ ঘ.
bdnews24