ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাইদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় সাক্ষীদের হাজির করতে না পারায় প্রসিকিউশনকে ভর্ৎসনা করে সাক্ষ্যগ্রহণ মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সাক্ষীদের হাজির করতে প্রসিকিউশনের এই ব্যর্থতা ‘অভাবনীয়’ উল্লেখ করে ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, আগামী ৭ ফেব্র“য়ারি পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি থাকবে।
বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টায় বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর প্রসিকিউটর রানা দাশগুপ্ত আদালতকে জানান, তিনজন সাক্ষী ঢাকায় এলেও আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে তারা আর ফেরেননি।
“তদন্তকারী সংস্থা এখনো তাদের তালাশ করছে”, বলেন তিনি।
প্রসিকিউশনের এমন বক্তব্যে রাগত স্বরে ট্রাইব্যুনাল প্রধান জানতে চান, আদালতের আদেশ অনুযায়ী সাক্ষীদের আত্মীয়র বাড়িতে যাওয়ার কোনো সুযোগ ছিল কি না।
রানা দাশগুপ্ত জানান, তেমন কোনো সুযোগ তাদের ছিল না।
এ পর্যায়ে বিচারপতি নিজামুল হক বলেন, “তাহলে বলতে হয়, প্রসিকিউশন আদালতের আদেশ পালনে ব্যর্থ হয়েছে।”
প্রসিকিউটর রানা দাসগুপ্ত আদালতের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, “আমাদের কোনো ধারণাই ছিল না যে, এমনটা হতে পারে। সেজন্য আমরা খুবই দুঃখিত মাই লর্ড।”
নিজামুল হক বলেন, “কিন্তু তারাতো আপনাদের জিম্মায় ছিল। তদন্তকারী সংস্থার দায়িত্ব আদালতে সাক্ষী হাজির করা। আর আপনাদের পুরো কর্তৃত্ব দেওয়া আছে সাক্ষী হাজির করার বিষয়ে। আপনার জিম্মা থেকে তারা গেল কীভাবে?”
এর জবাবেও প্রসিকিউটর বলেন, তারা আন্তরিকভাবে দুঃখিত।
প্রসিকিউশন অন্য কোনো সাক্ষীকে হাজির করতে পারবে কি না জানতে চাইলেও নেতিবাচক উত্তর দেন রানা দাসগুপ্ত।
ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু ও প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী এদিন উপস্থিত না থাকার কারণেও অসন্তোষ প্রকাশ করেন বিচারক।
এরপর তিনি আদেশে বলেন, এটা অভাবনীয় যে সাক্ষীরা এইভাবে তদন্তকারী সংস্থার জিম্মা থেকে বেরিয়ে কোথাও যেতে পারে। ট্রাইব্যুনাল ৭ ফেব্র“য়ারি পর্যন্ত মুলতবি করা হলো, যদিও প্রসিকিউশনের বক্তব্য সন্তোষজনক নয়।
গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতে নায়েবে আমীর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক এই সংসদ সদস্যকে। চলতি বছর ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, অন্তত নয় জনকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো।
সাঈদী ছাড়াও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া এবং দলটির সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে।
এছাড়া একই অভিযোগের মামলায় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে এবং জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৯০১ ঘ.
bdnews24