২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চারজন কারাগারে

ঝালকাঠীতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার দুই নারীসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঝালকাঠী, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার দুই নারীসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রেজা তারিক আহম্মেদ এ আদেশ দেন। পুলিশ জানায়, বুধবার গভীর রাতে নলছিটি উপজেলার তিমিরকাঠি ও ভরতকাঠি গ্রামে নিজ নিজ বাড়ি থেকে এ চারজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- তিমিরকাঠির মোক্তার আলীর ছেলে আলি হোসেন (৪৮), হারুন-অর রশিদের স্ত্রী নাছিমা বেগম (৪২), তার ছেলে আল-আমিন বাপ্পি (১৯) এবং ভরতকাঠির নুর হোসেন খানের স্ত্রী হেনা নাসরিন (৪৫)। ঝালকাঠী আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়। আগামী ১৬ ফেব্র“য়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান বলেন, জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বুধবার রাতে ৫৪ ধারায় এদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি থেকে হিজবুত তাওহীদের বাংলাদেশের ইমাম মো. বায়েজীদ খান পন্নী রচিত ‘দাজ্জাল’সহ আরো কয়েকটি বই এবং দাজ্জালের সিডি ও ক্যালেন্ডার উদ্ধার করা হয়। ঝালকাঠীর পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা বই ও সিডিগুলো জিহাদী সংগঠনের কি না এবং তারা জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮৪৮ ঘ.