ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল সমালোচনা করলেও সার্বিক বিচারে গত পাঁচ বছরে বিদায়ী নির্বাচন কমিশন সফল ছিল বলেই মনে করেন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
বিদায় বেলায় এক সংবাদ ব্রিফিংয়ে জ্যেষ্ঠ এই নির্বাচন কমিশনার দাবি করেন, তাদের কমিশন দলীয়ভাবে প্রভাবিত (পার্টিজান) ছিল না। কখনো কোনো চাপ ছিল না, কারো পক্ষ তারা কখনো নেননি। যাওয়ার সময় কোনো হতাশাও এ কমিশনের নেই।
২০০৭ সালের ফেব্র“য়ারিতে নিয়োগ পাওয়া এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন তিন সদস্যের ইসির মেয়াদ শেষ হচ্ছে এ মাসের দ্বিতীয় সপ্তাহে। তবে কার্যত বৃহস্পতিবারই শেষ অফিস করেন তারা। দুপুরে নিজের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে গত ৫ বছরের সার্বিক চিত্র তুলে ধরেন ছহুল হোসাইন।
তিনি বলেন, ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ‘ইচ্ছে করে নয়, বিশ্লেষণ করেই’ কমিশন সংস্কারপন্থী বলে পরিচতি বিএনপি নেতাদের সংলাপের আমন্ত্রণ জানায়। কাগজপত্র দেখে ইসি সে সময় যে সিদ্ধান্ত নিয়েছিল তা ‘সঠিক’ ছিল বলেও দাবি করেন তিনি।
সেই সময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার সময় দলে ‘সংস্কারপন্থী’ হিসেবে পরিচিত হয়ে ওঠা আব্দুল মান্নান ভূঁইয়াকে মহাসচিব পদ থেকে বাদ দিয়ে খোন্দকার দেলেয়ার হোসেনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়ে যান।
এরপর আইন সংস্কারের জন্য নির্বাচন কমিশন ২০০৭ সালের সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে সংলাপের আয়োজন করে তাতে খোন্দকার দেলোয়ার নেতৃত্বাধীন অংশকে বাদ দিয়ে আমন্ত্রণ জানানো হয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজউদ্দিন আহমেদ নেতৃত্বাধীন সংস্কারপন্থী অংশটিকে।
ইসি সদস্যরা সে সময় সংস্কারপন্থীদেরই ‘মূল বিএনপি’ বলে দাবি করলেও নবম সংসদ নির্বাচনের পর আয়োজিত আরেক সংলাপে খোন্দকার দেলোয়ারকেই আমন্ত্রণ জানায় কমিশন।
ছহুল বলেন, সে সময় ‘চাপের’ কারণেই বিএনপি বিভক্ত হয়েছিল। পরে বিএনপি ‘সঠিক ধারায়’ (ট্র্যাকে) ফিরে আসায় ইসিও সিদ্ধান্ত পরিবর্তন করে।
প্রধান বিরোধী দল বিএনপি বরাবরই অভিযোগ করে এসেছে, বর্তমান ইসি তখন তাদের বিধাবিভক্ত করার চেষ্টা চালিয়েছে। এই কমিশনের সব সিদ্ধান্তেরই বিরোধিতা করে আসছে দলটি।
এ বিষয়ে ছহুল হোসাইন বলেন, “এতে আমার কোনো দুঃখ নেই। রাজনীতি বুঝতে হবে। রাজনীতিতে যারা বিরোধী দলে থাকেন সব সময় তাদের একটা গ্রাউন্ড বের করতে হয়। আমি বিশ্বাস করি, তারা মন থেকে এ কথাগুলো বলছেন না। আমাদের ভিশন ছিল- আমরা নির্বাচনকে সুষ্ঠু করবো। আমরা তা করার চেষ্টা করেছি। এটাই এজেন্ডা ছিল। আমাদের কাজই বলবে আমরা নিরপেক্ষ ছিলাম কি না।”
এই কমিশনারের দাবি, তাদের সময়ে ইসি নিয়ে খুব বেশি বিতর্ক হয়নি। ‘অল্পসল্প’ যা হয়েছে, তা ঘটেছে ‘বোঝার ভুলে’।
তত্ত্বাবধায়কের সময় ‘সংস্কারপন্থী’ বিএনপিকে চিঠি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যে ব্যাখ্যাটা দিয়েছি- এটা যদি অন্যদের কাছে একসেপ্টেবল না হয়, তাহলে তারা বলবে যে এ ব্যাখ্যাটা সঠিক হয়নি। ওই অবস্থায় যেটা দাঁড়িয়েছিল সে অনুযায়ী আমরা ব্যাবস্থা নিয়েছি। তার কারণ- আমাদের কাছে যে কাগজ এসেছিল তাতে উনাদের (বিএনপির স্থায়ী কমিটির) ১২-১৩ জনের মধ্যে ৯ জনের দস্তখত ছিল। কিন্তু দস্তখতগুলো সঠিক ছিল কি না- তা আমরা বুঝবো কি করে?”
ওই ঘটনাকে ইসির ‘ভুল’ হিসাবেও মানতে রাজি নন বিদায়ী কমিশনার। তার মতে, সেটি ছিল একটি ‘রাজনৈতিক ভুল’।
ছহুল বলেন, “ওই সময়ে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল, সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি এটাই বলবো- আমরা কিন্তু কোনো পক্ষপাতিত্ব করিনি। আমাদের কাছে যে একটা কাগজ এসেছিল সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে যখন আমরা দেখলাম যে কাগজটাকে অনেকে অস্বীকার করছে, তখন আমরা সিদ্ধান্ত থেকে সরে আসলাম।”
পাঁচ বছর মেয়াদে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ণকেই সবচেয়ে ‘বড় প্রাপ্তি’ বলে মনে করেন এ নির্বাচন কমিশনার। তার মতে, এই তালিকার কারণেই নবম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব হয়েছে।
“শপথ নেওয়ার পর থেকে যে কাজটি হাতে নিয়েছিলাম তা হলো- নির্বাচন কেন সুষ্ঠু হয় না বা অবাধ হয় না, তা আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই করতে গিয়ে দেখলাম, সুষ্ঠু একটি ভোটার তালিকা দরকার। পরে আমরা একটি ভোটার তালিকা করলাম। এর মাধ্যমেই দেখলাম সুষ্ঠু ভোট হওয়া শুরু হলো।”
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে একটি নির্বাচিত দলের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য সেই ভোট আয়োজনের প্রেক্ষাপট স্মরণ করে বিদায়ী কমিশনার বলেন, “আমরা একেবারে একনিষ্ঠ ছিলাম- যেভাবেই হোক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবো। এই পাঁচ বছর কেমন কাটলো ভাবতে গিয়ে আমার কাছে মনে হয়- প্রতিটি দিনের প্রতিটি ক্ষণ আমরা কাজ করেছি।”
বর্তমান ইসির কোনো হতাশা বা ব্যার্থতা আছে কি না জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, “কোনো হতাশা দেখি না। কোনো হতাশা নেই। বরং যে টার্গেট নিয়ে কাজ করা হয়েছে তা ফুলফিল হয়েছে। খুবই ভালো হয়েছে কাজগুলো।”
নির্বাচন কমিশনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যও এ কমিশন কাজ করে গেছে বলে উল্লেখ করেন তিনি।
“এটা মাটিতে পড়া একটা ইন্সটিটিউশন ছিল। সেখান থেকে টেনে ওপরে ওঠানো হয়েছে।”
কমিশন স্বাধীনভাবে কাজ করতে পেরেছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমি তো বলবো ১০০ পারসেন্ট স্বাধীনভাবে কাজ করেছি। কখনো কারো কাছ থেকে কোনো ধরনের চাপ পাইনি। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আমরা যেটাই মনে করেছি, সেটাই করেছি।”
তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করে দেওয়ায় দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদেরও প্রভাবমুক্ত রাখার পরামর্শ দেন এ নির্বাচন কমিশনার।
“লোকাল যে জনপ্রতিনিধিরা আছেন- এলাকার মন্ত্রী এমপিরা আছে, তারা নির্বাচনকে ইনফ্লুয়েন্স করতে চান। আমরা অত্যান্ত শক্তভাবে তাদের প্রতিহত করেছি। তারাও কো-অপারেট করেছে। তাদের যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে নির্বাচন করতে সমস্যা হবে না। লোকাল প্রতিনিধিদের কন্ট্রোল করতে অসুবিধা হয়। তাদের কন্ট্রোল করতে না পারলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করা কঠিন হতে পারে”, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮০০ ঘ.
bdnews24