ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে বইমেলার নজরুল মঞ্চে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের নতুন বই ‘নির্বাসন’ এর মোড়ক উঠলো বৃহস্পতিবার।
তসলিমার আত্মজীবনীমূলক এ বইটি বাংলাদেশে প্রকাশ করছে ‘আগামী প্রকাশনী’। বুধবার কলকাতা বইমেলায় এ বইটির মোড়ক উন্মোচন হওয়ার কথা থাকলে তা হতে দেয়নি সেখানকার আয়োজকরা।
বৃহস্পতিবার বিকালে একুশে বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করেন লেখক, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। এ সময় তার সঙ্গে ছিলেন সাপ্তাহিক কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক জব্বার হোসেন ও আগামীর প্রকাশনীর প্রকাশক ওসমান গণি।
ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলকাতা বই মেলায় পিপলস বুক সোসাইটিকে এ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান করতে দেয়নি। এরপর দেশ-বিদেশ থেকে অনেক ফোন পেয়েছি।”
মৌলবাদীদের উৎপীড়নের শিকার হয়ে ১৯৯৪ সালে দেশ ছাড়তে হয় তসলিমাকে। এরপর বিভিন্ন সময়ে তিনি ভারত ও ফ্রান্সসহ বিভিন্ন দেশে আশ্রয় নেন।
ওসমান গণি জানান, তসলিমার আত্মজীবনীমূলক বইগুলোর মধ্যে আমার মেয়ে বেলা, উতল হাওয়া, দ্বিখণ্ডিত, সেই সব অন্ধকার, আমি ভালো নেই/তুমি ভালো থেকো প্রিয় দেশ এবং নেই কিছু নেই প্রকাশিত হয়েছে আগেই।
এর মধ্যে ‘দ্বিখণ্ডিত’ কলকাতায় নিদ্ধি হয়েছিল। আর বাংলাদেশে আমার মেয়ে বেলা, উতল হাওয়া, দ্বিখণ্ডিত ও সেই সব অন্ধকার- এই চারটি বই নিষিদ্ধ হয়।
এ ছাড়া তসলিমার উপন্যাস ‘লজ্জা’ও বাংলাদেশে নিষিদ্ধ।
এবারের একুশে বইমেলার প্রথম দিন বুধবার আগামী প্রকাশনী থেকে তসলিমা নাসরিনের ‘শ্রেষ্ঠ কবিতা’ নামে একটি সংকলন প্রকাশিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/জেকে/১৮২০ ঘ.
bdnews24