ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অমর একুশে বইমেলার প্রথম ছুটির দিনে সকালটা ছিল শিশুদের। স্টলে স্টলে ঘুরে নতুন বইয়ের গন্ধ নেওয়ার আগে রং-তুলিতে তারা জানায় মায়ের ভাষার প্রতি ভালোবাসার কথা।
বাংলা একাডেমী কর্তৃপক্ষ প্রতিবছরের মতো এবারো ফেব্র“য়ারির প্রথম শুক্রবার সকালে শিশু-কিশোরদের নিয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে অংশ নিতে শীতের সকালে আলসেমী উপেক্ষা করে ৮টা থেকেই একাডেমী প্রাঙ্গণে হাজির হয় শত শত শিশু।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার উপ-কমিটির আহ্বায়ক ডা. মুজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশু-কিশোরদের মধ্যে ছবি আঁকার ঝোঁক অনেক বেশি। গত বছর প্রায় সাতশ’ শিশু এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এবার এ সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে।”
তিনটি বয়স শ্রেণীতে আয়োজিত এ প্রতিযোগিতায় আট বছরের কম বয়সীরা ছিল ‘ক’ শাখায়। তারা এঁকেছে ‘শহীদ মিনার’।
আট থেকে ১২ বছরের শিশুদের নিয়ে ‘খ’ শাখার প্রতিযোগিতার বিষয় নির্ধারিত ছিল ‘একজন ভাষা শহীদের প্রতিকৃতি’। আর ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোর শ্রেণী, অর্থাৎ ‘গ’ শাখার প্রতিযোগীদের জন্য নির্ধারিত বিষয় ছিল ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ: তোমার কল্পনা’।
ধানমণ্ডি থেকে মা-বাবার সঙ্গে বাংলা একাডেমীতে এসেছিল সাত বছর বয়সী রায়হানা তাবাস্সুম বৃষ্টি। তার বাবা আবুল হাসনাত বলেন, “এবারই প্রথম মেয়েকে নিয়ে এখানে এসেছি। আমার মেয়ে যেনো এখন থেকেই জানতে পারে, বুঝতে পারে , শিখতে পারে- কীভাবে বাংলা ভাষা আমাদের হয়েছে- সে জন্যেই তাকে এখানে এনেছি।”
ডা. মুজাহিদুল ইসলাম জানান, আগামী ১৫ ফেব্র“য়ারি সকাল ১১টায় বাংলা একাডেমীর বর্ধমান হাউসের পূর্ব দেওয়ালে প্রতিযোগিতার ফল টাঙ্গিয়ে দেওয়া হবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাড়াও সকাল থেকেই বাবা-মা, ভাই-বোনের হাত ধরে স্টলে স্টলে ঘুরে বই দেখতে, কিনতে শুরু করে শিশুরা। কয়েক ঘণ্টার জন্য বই মেলা পরিণত হয় শিশুদের মেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৪২০ ঘ.
bdnews24